
আরামবাগ, ২ আগস্ট (হি.স.): হুগলি জেলার আরামবাগের দক্ষিণ রসুলপুর এলাকায় এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে রবিবার তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। মৃতার নাম নবনীতা পাত্র সিং (২৩)। পরিবার সূত্রে জানা যায়, রবিবার সকালে নবনীতার অসুস্থতার খবর পেয়ে তাঁর পরিবারের সদস্যরা শ্বশুরবাড়িতে পৌঁছন। সেখানে গিয়ে তাঁরা নবনীতাকে মৃত অবস্থায় দেখতে পান। এরপরই পরিবারের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়, নবনীতাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে।
এই অভিযোগকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ পরিবারের সদস্য ও স্থানীয়দের একাংশ শ্বশুরবাড়িতে ভাঙচুর চালায় বলে অভিযোগ। পরিস্থিতি দ্রুত অগ্নিগর্ভ হয়ে উঠলে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে এলাকায় নজরদারি বাড়ানো হয়। ঘটনার তদন্তে নেমে পুলিশ মৃতার স্বামী-সহ পরিবারের কয়েকজন সদস্যকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা মিলবে বলে তদন্তকারী পুলিশ আধিকারিকদের অনুমান। পুলিশ জানিয়েছে, ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ঘটনায় এলাকায় এখনও চাপা উত্তেজনা বিরাজ করছে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA