
কলকাতা, ২ আগস্ট (হি.স.): হাসিনা বাংলাদেশে ফিরে আসুন, এমনটাই চাইছেন তসলিমা নাসরিন। রবিবার কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে তসলিমা বলেন, “আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনাকে যে ভাবে ক্ষমতাচ্যুত করা হয়েছে, তা ভুল ছিল। এটি ছিল অগণতান্ত্রিক। দলটিকে নিষিদ্ধ করা ছিল পুরোপুরি অগণতান্ত্রিক। তাদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া উচিত। আমি চাই হাসিনা বাংলাদেশে ফিরে আসুন।”
তিনি আরও বলেন, “আমার মনে হয় কোনও মাদ্রাসার প্রয়োজন নেই। এটি শুধু জিহাদি তৈরি করে। সব মাদ্রাসাকে ধর্মনিরপেক্ষ বিদ্যালয়ে রূপান্তরিত করা উচিত।” ১৯ বছর পরে কলকাতায় আমন্ত্রণ জানানোর জন্য তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, “১৯ বছর পরে আমাকে কলকাতায় আমন্ত্রণ জানানোর মধ্যে আমি কোনো রাজনৈতিক উদ্দেশ্য দেখি না। নবনির্বাচিত সরকার আমার থাকার সময়ে বাংলায় নিরাপত্তার আশ্বাস দিয়েছে। এ জন্য আমি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই।”
বাংলাদেশের সনাতনী নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার প্রসঙ্গে তসলিমা নাসরিন বলেন, “বিপদে পড়া হিন্দুদের সাহায্য করার জন্য তাকে মূল্য দিতে হয়েছে। আমাদের মতো অনেকেই চিন্ময়ের পক্ষে কথা বলছেন। মুক্তচিন্তার মানুষদের ক্রমাগত লক্ষ্যবস্তু করা হচ্ছে। আমাদের অনেকেরই দেশ ছেড়ে যাওয়া ছাড়া আর কোনও উপায় ছিল না।”
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ