
ঝাড়গ্রাম, ২ আগস্ট (হি. স.): ঝাড়খণ্ড থেকে আন্তঃরাজ্য সীমান্ত পেরিয়ে পশ্চিমবঙ্গে অবৈধভাবে বালি পাচারের চেষ্টা বানচাল করল বেলিয়াবেড়া থানার পুলিশ। শনিবার গভীর রাতে সীমান্তবর্তী ফেঁকো এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বালি বোঝাই দুটি ট্রাক্টর আটক করা হয়। ঘটনায় এক ট্রাক্টর চালককে গ্রেফতার করেছে পুলিশ।
ধৃতের নাম দীপঙ্কর সেনাপতি (৩৬)। তাঁর বাড়ি ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলার বড়শোল থানা এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পাওয়ার পর থেকেই ফেঁকো সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়। শনিবার গভীর রাতে ঝাড়খণ্ডের দিক থেকে দুটি ট্রাক্টরে বালি নিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশের চেষ্টা হলে পুলিশ সেগুলিকে আটকায়।
অভিযানের সময় এক চালক পালিয়ে যেতে সক্ষম হলেও অপর চালককে হাতেনাতে গ্রেফতার করা হয়। পাশাপাশি বালি বোঝাই দুটি ট্রাক্টরও বাজেয়াপ্ত করা হয়েছে।
রবিবার ধৃতকে ঝাড়গ্রাম জেলা আদালতে তোলা হলে বিচারক পাঁচ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। পলাতক চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। একই সঙ্গে আন্তঃরাজ্য সীমান্ত দিয়ে যাতে ভবিষ্যতে অবৈধভাবে বালি পাচার না হয়, সে জন্য সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।
হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো