


- অসমে শুরু মাদকাসক্তি বিরোধী ১০০ সপ্তাহব্যাপী অভিযান
- ‘নশা মুক্ত যুবা ফর বিকশিত ভারত' শীর্ষক দেশব্যাপী অভিযানের সূচনা, বারাণসীর অনুষ্ঠানে অংশগ্রহণ অসমের রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্যের
গুয়াহাটি, ২ আগস্ট (হি.স.) : 'নশা মুক্ত যুবা ফর বিকশিত ভারত' শীর্ষক দেশব্যাপী অভিযানের সূচনা উপলক্ষ্যে উত্তরপ্রদেশের বারাণসীতে আয়োজিত অনুষ্ঠানে আজ রবিবার অংশগ্রহণ করেন অসমের রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে শুরু হওয়া এই কর্মসূচির মাধ্যমে আগামী ১০০ সপ্তাহ ধরে দেশজুড়ে মাদকাসক্তি নির্মূলে জনসচেতনতা গড়ে তোলা এবং ২০৪৭ সালের মধ্যে 'বিকশিত ভারত' গঠনে যুবসমাজকে সক্রিয়ভাবে সম্পৃক্ত করার লক্ষ্য নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে বক্তব্য পেশ করতে গিয়ে রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ, এই অভিযান সুস্থ, শৃঙ্খলাবদ্ধ, মূল্যবোধসম্পন্ন ও দেশপ্রেমিক এক নতুন প্রজন্ম গড়ে তোলার জাতীয় অঙ্গীকার। অসমের রাজ্যপাল বলেন, ১০০ সপ্তাহব্যাপী এই ধারাবাহিক উদ্যোগ দীর্ঘমেয়াদি জনসচেতনতা সৃষ্টি, আচরণগত পরিবর্তন এবং মাদকবিরোধী লড়াইয়ে সমাজের সর্বস্তরের অংশগ্রহণ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
তিনি বলেন, মাদকমুক্ত সমাজ গড়ে তোলা কেবল সরকারের নয়, সমগ্র জাতির দায়িত্ব। দেশের জনমিতিক শক্তিকে পূর্ণমাত্রায় কাজে লাগাতে হলে যুবসমাজকে মাদকের অভিশাপ থেকে মুক্ত রেখে নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে হবে।
রাজ্যপাল আরও বলেন, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় সংগঠন এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সম্মিলিত উদ্যোগে এই আন্দোলনকে গণ-আন্দোলনে পরিণত করা সম্ভব।
অসমের অভিজ্ঞতার কথা উল্লেখ করে রাজ্যপাল জানান, উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় মাদকাসক্তি প্রতিরোধে সামাজিক সচেতনতা, জনঅংশগ্রহণ এবং মূল্যবোধভিত্তিক দিকনির্দেশনা ইতিবাচক ফল দিয়েছে।
অসমে বিশ্ববিদ্যালয়গুলির আচার্য হিসেবে রাজ্যপালের নির্দেশে অসমের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 'নশা মুক্ত যুবা ফর বিকশিত ভারত' বিষয়ক ভাষণের সরাসরি সম্প্রচার দেখানো হয়। এতে ছাত্রছাত্রী, শিক্ষক এবং শিক্ষা প্রতিষ্ঠানের অন্যান্য সদস্যরা অংশ নিয়ে ১০০ সপ্তাহব্যাপী জাতীয় অভিযানে এবং মাদকমুক্ত, সুস্থ ও দায়িত্বশীল সমাজ গঠনের অঙ্গীকার করেন।
'এক ভারত, শ্রেষ্ঠ ভারত'-এর চেতনার প্রসঙ্গে রাজ্যপাল বলেন, দেশের যুবসমাজ যখন মূল্যবোধে অটল থেকে জাতীয় সেবায় আত্মনিয়োগ করে, তখনই ভারতের সামাজিক ও সাংস্কৃতিক ঐক্য আরও সুদৃঢ় হয়। তিনি যুবকদের সামাজিক যোগাযোগমাধ্যম দায়িত্বশীলভাবে ব্যবহার করে মাদকবিরোধী সচেতনতা, ইতিবাচক বার্তা এবং সুস্থ সমাজ গঠনের আহ্বান জানান।
বারাণসীতে অনুষ্ঠানের আয়োজক গায়ত্রী পরিবারের চরিত্র গঠন ও মূল্যবোধভিত্তিক শিক্ষা প্রসারে দীর্ঘদিনের অবদানের প্রশংসা করে রাজ্যপাল আশা প্রকাশ করেন, সক্রিয় জনঅংশগ্রহণের মাধ্যমে 'নশা মুক্ত যুবা ফর বিকশিত ভারত'-এর ১০০ সপ্তাহব্যাপী এই কর্মসূচি একটি শক্তিশালী সর্বভারতীয় গণ-আন্দোলনে পরিণত হবে এবং বিকশিত ও আত্মনির্ভর ভারতের স্বপ্ন বাস্তবায়নে তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস