
হুগলি , ২ আগস্ট (হি.স.): রবিবার পান্ডুয়ায় অনুষ্ঠিত হল হুগলী চেম্বার অব কমার্সের চুঁচুড়া মহকুমার তৃতীয় সম্মেলন। জেলার শিল্প, বাণিজ্য ও সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নকে আরও গতিশীল করার লক্ষ্যে আয়োজিত এই সম্মেলনে বিভিন্ন শিল্পোদ্যোগী, ব্যবসায়ী, সংগঠনের প্রতিনিধি এবং বিশিষ্ট ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।
সম্মেলনে শিল্প ও বাণিজ্যের বর্তমান পরিস্থিতি, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রসার, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, ব্যবসার অনুকূল পরিবেশ গড়ে তোলা এবং ভবিষ্যৎ উন্নয়নের নানা দিক নিয়ে বিস্তারিত ও গঠনমূলক আলোচনা হয়। উপস্থিত বক্তারা জেলার অর্থনৈতিক অগ্রগতির স্বার্থে সরকার, শিল্পপতি ও ব্যবসায়ী মহলের সমন্বিত উদ্যোগের উপর জোর দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দননগরের বিধায়ক দীপাঞ্জন গুহ। তিনি বলেন, শিল্প ও বাণিজ্যের বিকাশ ঘটলে জেলার আর্থিক উন্নয়নের পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়েও তিনি মতবিনিময় করেন এবং উন্নয়নের স্বার্থে সকলের সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান।
এই সম্মেলন শিল্প ও বাণিজ্য ক্ষেত্রে নতুন সম্ভাবনার দিক উন্মোচন করবে বলেই আশাবাদী উদ্যোক্তা ও ব্যবসায়ী মহল।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA