হাসপাতালের ১০০ মিটারের মধ্যে তামাকজাত সামগ্রী বিক্রিতে নিষেধাজ্ঞা জারি, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
কলকাতা, ২ আগস্ট (হি. স.) : হাসপাতালের ১০০ মিটারের মধ্যে বিড়ি, পান, সিগারেট, গুটখা-সহ সব ধরনের নেশাজাত দ্রব্যের বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করার কড়া বার্তা দিলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। পূর্ব মেদিনীপুরে তিন দিনের জেলা সফরের শেষে
হাসপাতালের ১০০ মিটারের মধ্যে তামাকজাত সামগ্রী বিক্রিতে নিষেধাজ্ঞা জারি, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের


কলকাতা, ২ আগস্ট (হি. স.) : হাসপাতালের ১০০ মিটারের মধ্যে বিড়ি, পান, সিগারেট, গুটখা-সহ সব ধরনের নেশাজাত দ্রব্যের বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করার কড়া বার্তা দিলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। পূর্ব মেদিনীপুরে তিন দিনের জেলা সফরের শেষে রবিবার তমলুকের নিমতৌড়িতে জেলাশাসকের দফতরে দুই স্বাস্থ্য জেলা - পূর্ব মেদিনীপুর ও নন্দীগ্রামের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। এদিন উপস্থিত ছিলেন জেলাশাসক নিরঞ্জন কুমার, হলদিয়ার বিধায়ক প্রদীপ বিজলী-সহ প্রশাসনের শীর্ষ কর্তারা।

রবিবার প্রায় দু’ঘণ্টার বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন। এদিন স্বাস্থ্যমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরেই স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি। সেই কারণেই বিভিন্ন জেলার হাসপাতাল ঘুরে পরিস্থিতি খতিয়ে দেখে একটি বিস্তারিত রিপোর্ট তৈরি করা হয়েছে। হাসপাতালের চিকিৎসক, নার্স এবং কর্মীদের দায়িত্ব পালনে গাফিলতি বা দালালচক্রের সক্রিয়তা বরদাস্ত করা হবে না বলেও তিনি স্পষ্ট জানান। প্রয়োজন হলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সেই সঙ্গে হাসপাতাল চত্বরের ১০০ মিটারের মধ্যে কোনও নেশাজাত দ্রব্য বিক্রি করা যাবে না বলে ঘোষণা করেন স্বাস্থ্যমন্ত্রী। ইন্ডোর বিভাগে মোবাইল ফোন ব্যবহারের উপরও নিয়ন্ত্রণ আনার কথা জানান তিনি। তাঁর দাবি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ধাপে ধাপে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো ও পরিষেবাকে আরও উন্নত ও সুশৃঙ্খল করে তোলা হবে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande