দশমীঘাটে শ্রীশ্রী মা স্নেহময়ী আশ্রম ট্রাস্টের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য শিবির
আগরতলা, ২ আগস্ট (হি.স.) : সমাজের সর্বস্তরের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যকে সামনে রেখে রবিবার আগরতলায় দশমীঘাট সংলগ্ন শ্রীশ্রী মা স্নেহময়ী আশ্রম ট্রাস্টের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। শিবিরে এলাকা
বিনামূল্যে স্বাস্থ্য শিবির


আগরতলা, ২ আগস্ট (হি.স.) : সমাজের সর্বস্তরের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যকে সামনে রেখে রবিবার আগরতলায় দশমীঘাট সংলগ্ন শ্রীশ্রী মা স্নেহময়ী আশ্রম ট্রাস্টের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। শিবিরে এলাকার বহু মানুষ অংশ নিয়ে স্বাস্থ্য পরীক্ষা করান এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ গ্রহণ করেন।

এই স্বাস্থ্য শিবিরের উদ্বোধন করেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডাঃ বিশাল কুমার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র-ইন-কাউন্সিল তুষার কান্তি ভট্টাচার্য, শ্রীশ্রী মা স্নেহময়ী আশ্রম ট্রাস্টের কর্মকর্তারা, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং স্থানীয় বাসিন্দারা।

শিবিরে চিকিৎসকরা সাধারণ স্বাস্থ্য পরীক্ষা, রক্তচাপ, রক্তে শর্করার মাত্রা নির্ণয়সহ বিভিন্ন শারীরিক সমস্যার প্রাথমিক পরীক্ষা করেন। পাশাপাশি রোগীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং সুস্থ জীবনযাপনের জন্য প্রয়োজনীয় পরামর্শও প্রদান করা হয়। বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পেয়ে উপকৃত হন বহু সাধারণ মানুষ।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেলাশাসক ডাঃ বিশাল কুমার বলেন, সমাজসেবামূলক এই ধরনের উদ্যোগ জনস্বাস্থ্যের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সরকারি স্বাস্থ্য পরিষেবার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের এমন উদ্যোগ মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে সহায়ক হবে। তিনি শ্রীশ্রী মা স্নেহময়ী আশ্রম ট্রাস্টের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান।

উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, সমাজের আর্থিকভাবে অসচ্ছল ও সাধারণ মানুষের কাছে সহজলভ্য স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়াই এই শিবিরের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের স্বাস্থ্য শিবির ও জনকল্যাণমূলক কর্মসূচির আয়োজন করা হবে বলেও তাঁরা জানান।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande