

কলকাতা, ২ আগস্ট (হি.স.): পশ্চিমবঙ্গ বিধানসভায় রবিবার মহান বিজ্ঞানী, শিক্ষাবিদ ও শিল্পোদ্যোগী আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের ১৬৫-তম জন্মবার্ষিকী পালিত হলো। এই উপলক্ষে বিধানসভার প্রিন্সিপাল সেক্রেটারি সোমেন্দ্রনাথ দাস এবং যুগ্ম সচিব অশোক মণ্ডল বিধানসভা প্রাঙ্গণে আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন।
উল্লেখ্য, আচার্য প্রফুল্লচন্দ্র রায়কে ভারতের আধুনিক রসায়ন বিজ্ঞানের জনক হিসেবে গণ্য করা হয়। স্বদেশি শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে তিনি বেঙ্গল কেমিক্যালস অ্যান্ড ফার্মাসিউটিক্যালস প্রতিষ্ঠা করেন। একজন বিশিষ্ট বিজ্ঞানী হওয়ার পাশাপাশি তিনি ছিলেন প্রখ্যাত শিক্ষাবিদ, সমাজসংস্কারক এবং জাতীয়তাবাদী চিন্তাবিদ। বিজ্ঞান, শিক্ষা ও দেশীয় শিল্পের বিকাশে তাঁর অসামান্য অবদান আজও সমানভাবে স্মরণীয়।
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ বিধানসভায় দেশের ও রাজ্যের বিশিষ্ট ব্যক্তিদের জন্মবার্ষিকী ও প্রয়াণদিবস উপলক্ষে তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। সেই ধারাবাহিকতায় এদিন আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের ১৬৫-তম জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ