
আরামবাগ , ২ আগস্ট (হি.স.): হুগলির গোঘাট থানার অন্তর্গত আনুর এলাকায় ধানের জমিতে আলবাঁধা (আল কাটা/আল নিয়ে বিরোধ) কেন্দ্র করে এক ব্যক্তির মৃত্যুর ঘটনাকে ঘিরে এখনও উত্তপ্ত পরিস্থিতি। ঘটনার পর অভিযুক্ত হিসেবে নাম ওঠা সুশান্ত মন্ডল ও জয়ন্ত মন্ডল বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান উত্তেজিত গ্রামবাসীরা। অভিযোগ, বিক্ষোভ চলাকালীন ওই দুই অভিযুক্তের বাড়িতে ভাঙচুরও চালানো হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় গোঘাট থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে উত্তেজিত জনতা পুলিশের উপর হামলা চালায় বলে অভিযোগ। পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেলও ছোড়া হয়। ঘটনায় কয়েকজন পুলিশকর্মী আহত হন বলে পুলিশ সূত্রে জানা গেছে। পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।
এই ঘটনায় গোঘাট থানার পুলিশ অভিযান চালিয়ে শনিবার রাতে মোট ১৪ জনকে গ্রেফতার করেছে। ধৃতদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা, পুলিশকে আক্রমণ এবং ভাঙচুর-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। রবিবার তাদের আরামবাগ মহকুমা আদালতে তোলা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA