
কলকাতা, ২ আগস্ট (হি. স.) : কেন্দ্রের সম্প্রসারিত ‘খেলো ইন্ডিয়া’ প্রকল্পে বাড়তি আর্থিক বরাদ্দকে স্বাগত জানালেন পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী ড. ইন্দ্রনীল খান। তাঁর মতে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে ক্রীড়াক্ষেত্রে এই বরাদ্দ আগামী দিনে বাংলা সহ দেশের প্রতিভাবান ক্রীড়াবিদদের আন্তর্জাতিক স্তরে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
রবিবার কলকাতায় ইন্দ্রনীল জানান, খেলো ইন্ডিয়ার আওতায় রাজ্যের প্রতিটি বিধানসভা এলাকায় বিপুল অর্থ বরাদ্দ করা হবে। পাশাপাশি রাজ্য সরকার ১০০টি ইন্ডোর স্পোর্টস এরেনা (অ্যারিনা) গড়ে তোলার পরিকল্পনাও হাতে নিয়েছে। এদিন তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেভাবে ক্রীড়া ও ক্রীড়াবিদদের উৎসাহ দিচ্ছেন, তার জন্য কৃতজ্ঞ। আগামী ২০৩০ সালের কমনওয়েলথ গেমস এবং ২০৩৬ সালের অলিম্পিক আয়োজনের লক্ষ্যেই দেশ এগিয়ে চলেছে। সেই লক্ষ্যপূরণে খেলো ইন্ডিয়া আগামী প্রজন্মের ক্রীড়াবিদ তৈরির এক অসাধারণ প্রকল্প, তা নিঃসন্দেহে বলা যায়।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, এই প্রকল্পের মাধ্যমে তৃণমূল স্তর থেকে প্রতিভা চিহ্নিত করে পেশাদার প্রশিক্ষণ, আধুনিক কোচিং, পুষ্টি সহায়তা এবং আন্তর্জাতিক মানের প্রস্তুতির সুযোগ মিলবে। এর পরিপ্রেক্ষিতেই তাঁর দাবি, কেন্দ্রের বাড়তি বরাদ্দ দেশের ক্রীড়াবিদদের আরও এগিয়ে যেতে সাহায্য করবে।
কেন্দ্রীয় সরকারের ‘নেশা মুক্ত ভারত’ কর্মসূচিরও প্রশংসা করেছেন মন্ত্রী ইন্দ্রনীল খাঁ। তাঁর অভিমত, এই উদ্যোগ যুবসমাজকে মাদকমুক্ত ও সুস্থ জীবনযাপনের বার্তা দেবে এবং দেশের সামগ্রিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা নেবে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত