
আরামবাগ, ২ আগস্ট (হি.স.): আরামবাগে বিজেপি নেতার উপর গুলি চালানোর ঘটনায় তদন্তে বড় অগ্রগতি। এই ঘটনায় রবিবার আরও এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম সরোজ লাগা। তিনি গৌরহাটি এলাকার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে সক্রিয় বিজেপি কর্মী হিসেবে পরিচিত।
ঘটনার পর রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। বিজেপি যুব মোর্চার দাবি, সরোজ লাগা দলের কর্মী নন, তিনি একজন দুষ্কৃতী। তবে স্থানীয় সূত্রে জানা যায়, ধৃত সরোজ লাগা আরামবাগের বিজেপি বিধায়ক হেমন্ত বাগ-এর ঘনিষ্ঠ বলেই এলাকায় পরিচিত। ফলে এই ঘটনাকে ঘিরে বিজেপির অন্দরের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে এসেছে বলে রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে।
অন্যদিকে, বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে বিধায়ক হেমন্ত বাগ বলেন, আইন আইনের পথেই চলবে। দোষী যে দলেরই হোক না কেন, তার শাস্তি হওয়া উচিত। তিনি আরও অভিযোগ করেন, ৪ঠা মে-র পর বিজেপিতে আসা কিছু ব্যক্তি সামনে আসার জন্য এবং প্রভাব বিস্তারের উদ্দেশ্যে এ ধরনের ঘটনা ঘটাচ্ছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার সঙ্গে জড়িত অন্যদের খোঁজে তদন্ত চালানো হচ্ছে। গুলি চালানোর ঘটনায় আর কারও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
এই ঘটনাকে কেন্দ্র করে আরামবাগের রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA