
জম্মু, ২ আগস্ট (হি.স.): জম্মু ও কাশ্মীরের বারামুল্লায় রবিবার নিরাপত্তা বাহিনী জঙ্গিদের এক সহযোগী-কে গ্রেফতার করেছে। তার কাছ থেকে অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। জানা গেছে, নারওয়াবের একটি ক্রসিংয়ে ৪৬ নম্বর রাষ্ট্রীয় রাইফেলস, পুলিশের এসওজি, সিআরপিএফ-এর ৫৩ নম্বর ব্যাটেলিয়ন এবং বিএসএফ-এর ১১২ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা একটি যৌথ চেকপয়েন্ট স্থাপন করেছিল। এই সময় গোরিওয়ান দিক থেকে আসা এক সন্দেহভাজন ব্যক্তি চেকপয়েন্ট দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। জওয়ানরা ধাওয়া করে তাকে ধরে ফেলে।
তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি পিস্তল, তাজা কার্তুজ, একটি মোবাইল ফোন এবং অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়। ধৃতের নাম এজাজ আহমেদ গনি বলে জানা গেছে। তার বিরুদ্ধে এফআইআর রুজু করা হয়েছে। তদন্ত চলছে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ