
কলকাতা, ২ আগস্ট (হি স): বিধানসভা নির্বাচনের পর থেকেই কিছু কিছু জিনিসের দাম বাড়ছে। সবজির বাজারের আগুনে যথেষ্ট চাপে সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশের পরই রবিবার সকালে কলকাতা-সহ রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে হানা দিল ইবি ও পুলিশ। উদ্দেশ্য, বাজারে সবজির দাম নিয়ন্ত্রণে রাখা।
সূত্রের খবর, বিভিন্ন বাজারে ভিন্ন দামে বিকোচ্ছে সবজি। সুযোগ বুঝে অসাধু ব্যবসায়ীরা ইচ্ছামতো দাম বাড়াচ্ছে বলে অভিযোগ।
এদিন কলকাতায় শ্যামবাজার, কোলে মার্কেট, গড়িয়া বাজার, যদুবাবুর বাজারে হানা দেয় এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা। এ ছাড়াও রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে গিয়ে কথা বলেছেন স্থানীয় আধিকারিকরা।
রবিবার সকালে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের একাধিক দল শহরের বিভিন্ন বাজারে যান। কথা বলেন সবজি বিক্রেতাদের সঙ্গে। ক্রেতাদের সঙ্গেও কথা বলে বাজারের পরিস্থিতি বোঝার চেষ্টা করেন। সবজি বিক্রেতাদের জিজ্ঞাসা করেন কোন সবজি কী দামে বিকোচ্ছে। কোন কোন সবজির দাম প্রতিদিন ওঠা নামা করে।
এক আধিকারিক বলেন, “আমাদের কয়েকটি দল বেরিয়েছে। বাজারগুলিতে দাম এক থাকে সেই কথা বলা হচ্ছে।”
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত