মোহনপুরে বাম শিবিরে ধাক্কা, প্রাক্তন সিপিআই(এম) অঞ্চল সম্পাদকের বিজেপিতে যোগ
মোহনপুর (ত্রিপুরা), ২ আগস্ট (হি.স.) : মোহনপুর বিধানসভা কেন্দ্রে আবারও বাম শিবিরে ভাঙনের ছবি সামনে এল। দীর্ঘদিনের সিপিআই(এম)-এর পোড়খাওয়া কর্মী ও প্রাক্তন অঞ্চল সম্পাদক সঞ্জীব শংকর ভট্টাচার্য বিজেপিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। তাঁর সঙ্গে আরও ছয়ট
বিজেপির যোগদান সভা


মোহনপুর (ত্রিপুরা), ২ আগস্ট (হি.স.) : মোহনপুর বিধানসভা কেন্দ্রে আবারও বাম শিবিরে ভাঙনের ছবি সামনে এল। দীর্ঘদিনের সিপিআই(এম)-এর পোড়খাওয়া কর্মী ও প্রাক্তন অঞ্চল সম্পাদক সঞ্জীব শংকর ভট্টাচার্য বিজেপিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। তাঁর সঙ্গে আরও ছয়টি পরিবারের প্রায় ২৫ জন ভোটারও পদ্ম শিবিরে নাম লেখান।

শনিবার রাতে সঞ্জীব শংকর ভট্টাচার্যের বাড়িতে আয়োজিত উঠান সভায় এই যোগদান কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষিমন্ত্রী রতনলাল নাথ, বিজেপির মোহনপুর মণ্ডল সভাপতি কার্তিক দেবনাথ-সহ দলের একাধিক নেতা ও কর্মী।

নবাগতদের দলে স্বাগত জানিয়ে মন্ত্রী রতনলাল নাথ বলেন, বর্তমান সময়ে রাজ্য থেকে জাতীয় স্তর— কোথাও বিরোধী দলগুলি মানুষের প্রত্যাশা অনুযায়ী দায়িত্ব পালন করতে পারছে না। তাঁর বক্তব্য, দেশের বৃহত্তম বিরোধী দল কংগ্রেসও গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালন করতে ব্যর্থ হয়েছে।

মন্ত্রী বলেন, আমরাও একসময় বিরোধী দলে ছিলাম। কিন্তু বিরোধী দলের কাজ শুধুমাত্র সমালোচনা করা নয়, গঠনমূলক সমালোচনার মাধ্যমে সরকারের ভুল ধরিয়ে দিয়ে মানুষের স্বার্থে কাজ করা।

সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি রাজ্য ও কেন্দ্রের বিজেপি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথাও তুলে ধরেন। তাঁর দাবি, সবকা সাথ, সবকা বিকাশ নীতিকে সামনে রেখে রাজ্যে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। নতুন নতুন রাস্তা নির্মাণ, প্রত্যেক পরিবারের জন্য পাকা ঘর, নলবাহিত পানীয় জলের সংযোগ এবং দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে খাদ্যশস্য সরবরাহ— এসব প্রকল্প সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত করেছে।

রতনলাল নাথ আরও দাবি করেন, রাজ্যে স্বাস্থ্য পরিষেবা, যোগাযোগ ব্যবস্থা এবং সামাজিক সুরক্ষা প্রকল্পের সম্প্রসারণের ফলে মানুষের গড় আয়ু বেড়ে ৭৪ বছরে পৌঁছেছে। পাশাপাশি মাথাপিছু আয়ও ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

অন্যদিকে, সঞ্জীব শংকর ভট্টাচার্যের মতো দীর্ঘদিনের বাম নেতা বিজেপিতে যোগ দেওয়ায় মোহনপুরের রাজনৈতিক মহলে নতুন করে জোর চর্চা শুরু হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই যোগদান আগামী দিনে মোহনপুরের রাজনৈতিক সমীকরণে প্রভাব ফেলতে পারে। তবে এ বিষয়ে সিপিআই(এম)-এর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande