
কলকাতা, ২০ আগস্ট (হি.স.): তৃণমূল নেতা অভিষেক ব্যানার্জির ব্যাঙ্ক অ্যাকাউন্ট সম্পর্কিত একটি মামলায় বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। আদালত সংশ্লিষ্ট ব্যাঙ্ককে নির্দেশ দিয়েছে যে, তাদের একজন কর্মীকে অভিষেক ব্যানার্জির বাড়িতে পাঠিয়ে কেওয়াইসি নথিতে তাঁর সই নেওয়ার জন্য।
বিচারপতি কৃষ্ণ রাওয়ের একক বেঞ্চে এই মামলার শুনানি হয়। শুনানির সময় ব্যাঙ্কের পক্ষ থেকে জানানো হয়, অভিষেক ব্যানার্জির অ্যাকাউন্টে আগেই ডেবিট নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ফলে অনলাইনে কেওয়াইসি আপডেট করা সম্ভব নয়। ব্যাঙ্কের তরফে আদালতে জানানো হয়, তারা তাদের এক কর্মীকে অভিষেকের বাড়িতে পাঠিয়ে প্রয়োজনীয় নথিপত্রে সই করিয়ে নিতে পারে। কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য অভিষেক ব্যানার্জিকে কী কী নথি জমা দিতে হবে, তাও ব্যাঙ্কের তরফে আদালতে জানানো হয়।
তবে অভিষেক ব্যানার্জির আইনজীবীর দাবি, বর্তমান কেওয়াইসির মেয়াদ ডিসেম্বর পর্যন্ত রয়েছে। তাই এই মুহূর্তে নতুন নথি জমা দেওয়ার প্রয়োজন নেই। ব্যাঙ্কের অ্যাকাউন্টে ডেবিট নিষেধাজ্ঞা জারি এবং ক্রেডিট কার্ড বন্ধ করার কারণ আগে স্পষ্ট করার বিষয়েও তিনি প্রশ্ন তোলেন।
উভয় পক্ষের যুক্তি শোনার পর বিচারপতি কৃষ্ণ রাও অভিষেক ব্যানার্জিকে প্রয়োজনীয় নথি জমা দেওয়ার নির্দেশ দেন। পাশাপাশি ব্যাঙ্কের প্রস্তাব মেনে তাদের কর্মীকে অভিষেকের বাড়িতে পাঠিয়ে নথিপত্রে সই করানোর অনুমতি দেন। আদালত জানিয়েছে, অফলাইন কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার বিষয়টি বিবেচনা করা হবে। শুনানির সময় অভিষেক ব্যানার্জির আইনজীবী আদালতে জানান, আগামী সপ্তাহে চোখের চিকিৎসার জন্য অভিষেক বিদেশে যাচ্ছেন। উল্লেখ্য, মামলার পরবর্তী শুনানি ২৪ আগস্ট।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ