চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, মৃত্যু ১ মহিলার, আহত ২, বেআইনি বাজি তৈরির অভিযোগ
বারুইপুর, ২০ আগস্ট (হি. স.): ফের বাজি বিস্ফোরণে কেঁপে উঠল চম্পাহাটি। বৃহস্পতিবারের এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বিস্ফোরণে এক মহিলার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। মৃতের নাম পদ্মরানী নস্কর(৫২)।পাশাপাশি আরও দু’জন আহত হয়েছেন।
চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, মৃত্যু ১ মহিলার, আহত ২, বেআইনি বাজি তৈরির অভিযোগ


বারুইপুর, ২০ আগস্ট (হি. স.): ফের বাজি বিস্ফোরণে কেঁপে উঠল চম্পাহাটি। বৃহস্পতিবারের এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বিস্ফোরণে এক মহিলার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। মৃতের নাম পদ্মরানী নস্কর(৫২)।পাশাপাশি আরও দু’জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্থানীয়দের অভিযোগ, মাছের ব্যবসার আড়ালে বাপি নস্কর নামে এক ব্যক্তি লোকালয় থেকে কিছুটা দূরে মাঠের মধ্যে একটি ঘর তৈরি করে সেখানে বেআইনিভাবে বাজি তৈরির কাজ চালাচ্ছিলেন। সেই ঘরেই আচমকা বিস্ফোরণ ঘটে বলে প্রাথমিকভাবে অনুমান। তবে ঠিক কী কারণে বিস্ফোরণ ঘটল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার খবর পেয়ে বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। বিস্ফোরণের পর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, খবর দেওয়া সত্ত্বেও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছতে দেরি করে। তা নিয়ে ক্ষোভও তৈরি হয় স্থানীয়দের মধ্যে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ। বিস্ফোরণের কারণ কী, সেখানে আদৌ বেআইনিভাবে বাজি তৈরির কাজ চলছিল কি না, এবং এই কাজের সঙ্গে আরও কেউ জড়িত ছিলেন কি না—সবকিছু খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থল থেকে কী ধরনের সামগ্রী উদ্ধার হয়েছে, বিস্ফোরণের তীব্রতা কতটা ছিল এবং নিরাপত্তা বিধি কতটা মানা হয়েছিল, তাও তদন্তকারীরা পরীক্ষা করে দেখছেন। চম্পাহাটিতে এর আগেও একাধিকবার বাজি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ফলে ফের এমন ঘটনায় এলাকায় বেআইনি বাজি কারবার নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা




 

 rajesh pande