
জয়পুর, ২০ আগস্ট (হি.স.): অবৈধ মদ পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে বড় সাফল্য পেল স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি)। রাজস্থানের চিতোড়গড় জেলার মঙ্গলওয়াড় থানা এলাকায় প্রায় ৬০ লক্ষ টাকার অবৈধ মদ উদ্ধার করা হয়েছে। মদবোঝাই একটি মিনি ট্রাক আটক করে তার চালককে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার এসওজির অতিরিক্ত পুলিশ মহাপরিচালক বিশাল বনসল জানান, চণ্ডীগড় থেকে দিল্লি হয়ে গুজরাটে বিপুল পরিমাণ অবৈধ মদ পাচার করা হচ্ছে বলে গোপন সূত্রে খবর পায় এসওজি। সেই তথ্যের ভিত্তিতে সোমবার মঙ্গলওয়াড় এলাকায় একটি সন্দেহজনক মিনি ট্রাক আটক করে তল্লাশি চালানো হয়।
তল্লাশিতে ট্রাক থেকে বিভিন্ন ব্র্যান্ডের মোট ৫০৫ কার্টন মদ উদ্ধার হয়। উদ্ধার হওয়া মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ লক্ষ টাকা।
পুলিশ ট্রাকচালক রিঙ্কু (২৫)-কে গ্রেফতার করেছে। তিনি হরিয়ানার ভিওয়ানি জেলার বাসিন্দা। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে মদ পাচারের নেটওয়ার্ক, এই চালান কোথা থেকে পাঠানো হয়েছিল এবং এর মূল চক্রের সঙ্গে কারা জড়িত, তা জানার চেষ্টা করছে পুলিশ। এই অভিযানে এসওজির সহকারী সাব-ইন্সপেক্টর দোদীরাম, কনস্টেবল রাকেশ কুমার এবং কনস্টেবল নরেশ কুমারের বিশেষ ভূমিকা ছিল।
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস