
ফতেহগড় সাহিব, ২৬ আগস্ট (হি.স.) : পাঞ্জাবের ফতেহগড় সাহিবে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল স্কুটিতে থাকা এক দম্পতির। জানা গিয়েছে, গুরুদ্বার শ্রী ফতেহগড় সাহিবে প্রার্থনা সেরে চণ্ডীগড়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন তাঁরা।
বুধবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, আলমপুর গ্রামের কাছে এই দুর্ঘটনা ঘটে। ধর্মবীর সিং ও তাঁর স্ত্রী শশী বালা স্কুটিতে করে বাড়ি ফিরছিলেন। সেই সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাঁদের স্কুটিতে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় দু’জনেই রাস্তায় ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে জড়ো হয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে বাসি পাঠানা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দু’টি দেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করে।
তদন্তকারী আধিকারিক হরপিন্দর সিং জানিয়েছেন, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ট্রাকচালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। দুর্ঘটনার পর চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাকে গ্রেফতারের জন্য পুলিশ তল্লাশি চালাচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস