
শিলিগুড়ি, ২৬ আগস্ট (হি.স.): শিলিগুড়ির বিধায়ক তথা রাজ্যের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ বুধবার শহরের ১৫ নম্বর ওয়ার্ডে 'অন্নপূর্ণা যোজনার' প্রকল্পের উপভোক্তাদের বাড়ি বাড়ি গিয়ে দেখা করলেন। ওয়ার্ড কো-অর্ডিনেটর এবং দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে মন্ত্রী একাধিক বাড়িতে উপস্থিত হয়ে সরাসরি উপভোক্তাদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রকল্পের সহায়তার টাকা সঠিকভাবে পৌঁছেছে কি না, তা সরেজমিনে খতিয়ে দেখেন।
পরিদর্শনকালে মন্ত্রী শঙ্কর ঘোষ প্রকল্পের আর্থিক সুবিধা প্রাপকদের সঙ্গে কথা বলে তাঁদের অভিজ্ঞতার কথা শোনেন। সরকারি পরিষেবা প্রকৃত উপভোক্তাদের কাছে পৌঁছাচ্ছে কি না, তা সরাসরি খতিয়ে দেওয়াই ছিল এই উদ্যোগের মূল উদ্দেশ্য। যাঁদের অ্যাকাউন্টে ইতিমধ্যেই অন্নপূর্ণা ভান্ডারের টাকা জমা পড়েছে, তাঁদের বাড়িতে শঙ্কর ঘোষ নিজেই প্রকল্প ও মুখ্যমন্ত্রীর প্রতি ধন্যবাদ জ্ঞাপনসূচক স্টিকার লাগিয়ে দেন।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে শঙ্কর ঘোষ জানান, ১৫ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর ও কর্মীদের সঙ্গেই এই বিশেষ কর্মসূচি আয়োজিত হয়েছিল। তাঁর কথা অনুযায়ী, অন্নপূর্ণা যোজনার সুবিধা পাওয়ার যোগ্য বহু মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইতিমধ্যেই ৩,০০০ টাকা করে পৌঁছে গিয়েছে। অন্যদিকে, যে সব উপভোক্তা এখনও টাকা পাননি, তাঁদের সঙ্গে কথা বলে সমস্যা ও বিলম্বের কারণ জানার চেষ্টা করা হচ্ছে।
মন্ত্রী আরও আশ্বাস দেন, কোনো যোগ্য উপভোক্তা যদি এখনও এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত থাকেন, তবে তিনি সরাসরি বিধায়ক সেবা কেন্দ্রে এসে যোগাযোগ করতে পারেন। তিনি জানান, শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের প্রায় ৩২ হাজার মহিলা ইতিমধ্যেই অন্নপূর্ণা যোজনার সুবিধা লাভ করেছেন।
অন্নপূর্ণা যোজনার প্রকল্প নিয়ে বিভিন্ন জায়গায় ক্ষোভ ও প্রতিবাদের প্রশ্নে প্রতিক্রিয়া জানিয়ে শঙ্কর ঘোষ বলেন, সাধারণ মানুষের মধ্যে কোনো অভিযোগ বা ক্ষোভ থাকতে পারে, কিন্তু যাঁরা এই প্রকল্পের প্রকৃত যোগ্য দাবিদার, তাঁরা নির্ধারিত নিয়ম অনুযায়ী নিশ্চয়ই সরকারি সাহায্য পাবেন।
হিন্দুস্থান সমাচার / সোনালি