(লিড) আমেরিকা থেকে জ্যাভলিন অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইল কিনবে ভারত, চুক্তিতে সই
নয়াদিল্লি, ২৮ আগস্ট (হি.স.): আমেরিকা থেকে এফজিএম-১৪৮ জ্যাভলিন অ্যান্টি-ট্যাঙ্ক গাইডেড মিসাইল ব্যবস্থা কেনার জন্য চুক্তিতে সই করেছে ভারত। শুক্রবার মার্কিন দূতাবাসের মুখপাত্র ডানা জিয়ে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, জ্যাভলিন ব্যবস্থা কেনার জন্য ভ
(লিড) আমেরিকা থেকে জ্যাভলিন অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইল কিনবে ভারত, চুক্তিতে সই


নয়াদিল্লি, ২৮ আগস্ট (হি.স.): আমেরিকা থেকে এফজিএম-১৪৮ জ্যাভলিন অ্যান্টি-ট্যাঙ্ক গাইডেড মিসাইল ব্যবস্থা কেনার জন্য চুক্তিতে সই করেছে ভারত। শুক্রবার মার্কিন দূতাবাসের মুখপাত্র ডানা জিয়ে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, জ্যাভলিন ব্যবস্থা কেনার জন্য ভারত প্রস্তাব ও গ্রহণপত্রে (Letter of Offer and Acceptance) স্বাক্ষর করেছে।

মার্কিন বিদেশ দফতরের এক বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন ফরেন মিলিটারি সেলস প্রক্রিয়ার আওতায় জ্যাভলিন অ্যান্টি-ট্যাঙ্ক গাইডেড মিসাইল ব্যবস্থা কেনার জন্য ভারতীয় সেনার এলওএ-তে স্বাক্ষরকে স্বাগত জানাচ্ছে আমেরিকা। এই চুক্তি ভারত ও আমেরিকার সশস্ত্র বাহিনীর দীর্ঘদিনের অংশীদারিত্বের প্রতিফলন এবং দুই দেশের প্রতিরক্ষা শিল্পে ভবিষ্যৎ সহযোগিতার পথ আরও প্রশস্ত করবে।

চুক্তিতে সইয়ের ফলে ভারত জ্যাভলিন ব্যবস্থার গ্রাহক হল। এটি একটি উন্নত মাঝারি-পাল্লার ‘ফায়ার অ্যান্ড ফরগেট’ অ্যান্টি-ট্যাঙ্ক গাইডেড মিসাইল। সাঁজোয়া যান এবং শক্তিশালী প্রতিরক্ষা অবস্থান-সহ বিভিন্ন ধরনের লক্ষ্যবস্তুর বিরুদ্ধে ব্যবহারের জন্য এই ক্ষেপণাস্ত্র তৈরি করা হয়েছে। মার্কিন সেনা, মার্কিন মেরিন কোর এবং একাধিক আন্তর্জাতিক প্রতিরক্ষা বাহিনী এই ব্যবস্থা ব্যবহার করে।

জ্যাভলিন ব্যবস্থা তৈরি করে জ্যাভলিন যৌথ উদ্যোগ। এই সংস্থায় আরটিএক্স এবং লকহিড মার্টিন অংশীদার। মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরও সামাজিক মাধ্যমে এই চুক্তির কথা জানিয়ে একে ভারত-মার্কিন প্রতিরক্ষা সম্পর্কের ক্ষেত্রে বড় অগ্রগতি বলে উল্লেখ করেছেন।

গোর বলেন, যুদ্ধক্ষেত্রে পরীক্ষিত জ্যাভলিন অ্যান্টি-ট্যাঙ্ক ব্যবস্থা কেনার পরিকল্পনা করেছে ভারত। তাঁর মতে, এই চুক্তি দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং ভবিষ্যতে যৌথ উৎপাদনের সম্ভাবনাও তৈরি করবে।

মার্কিন বিবৃতিতে ২০২৬ সালের মে মাসে শাংগ্রি-লা সংলাপে মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথের বক্তব্যের উল্লেখ করা হয়েছে। পাশাপাশি ২০২৫ সালে প্রায় ৪.৫৭ কোটি ডলার মূল্যের জ্যাভলিন ক্ষেপণাস্ত্রের প্রাথমিক বিক্রির জন্য আমেরিকার দেওয়া অনুমোদনের কথাও তুলে ধরা হয়েছে। এই চুক্তির মাধ্যমে ভারতের সাঁজোয়া-বিরোধী যুদ্ধক্ষমতা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।

প্রাথমিক প্যাকেজে ১০০টি মিসাইল রাউন্ড, প্রশিক্ষণ সরঞ্জাম এবং লঞ্চ ইউনিট রয়েছে। এর আনুমানিক মূল্য ৪.৫৭ কোটি ডলার। মার্কিন বিদেশ দফতর জানিয়েছে, এই চুক্তি ভারত-মার্কিন প্রধান প্রতিরক্ষা অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার পাশাপাশি দুই দেশের প্রতিরক্ষা শিল্পের ভিত্তি মজবুত করতে পারস্পরিক লাভজনক যৌথ উৎপাদনের ক্ষেত্রেও নতুন সুযোগ তৈরি করবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande