লিচুবাগান বিএসএনএল অফিসে চুরি, ৪৮ ঘণ্টায় উদ্ধার মালপত্র, গ্রেফতার দুই
আগরতলা, ২৮ আগস্ট (হি.স.) : লিচুবাগানস্থিত বিএসএনএল অফিস থেকে চুরি যাওয়া কেবল ও সিসিটিভি মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই উদ্ধার করতে সক্ষম হয়েছে এনসিসি থানার পুলিশ। চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করার পাশাপাশি চুরির কাজে ব্যবহৃত একটি ব
দুই চোর গ্রেফতার


আগরতলা, ২৮ আগস্ট (হি.স.) : লিচুবাগানস্থিত বিএসএনএল অফিস থেকে চুরি যাওয়া কেবল ও সিসিটিভি মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই উদ্ধার করতে সক্ষম হয়েছে এনসিসি থানার পুলিশ। চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করার পাশাপাশি চুরির কাজে ব্যবহৃত একটি বাইক ও একটি টাটা এইচ গাড়িও জব্দ করা হয়েছে। শুক্রবার এনসিসি থানার ওসি পরিতোষ দাস এই তথ্য জানান।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৬ আগস্ট ভোরে লিচুবাগান এলাকার বিএসএনএল অফিসে চুরির ঘটনা ঘটে। চোরেরা অফিস চত্বরে ঢুকে বেশ কিছু কেবল এবং সিসিটিভি সরঞ্জাম নিয়ে পালিয়ে যায়। ঘটনার পর বিএসএনএল কর্তৃপক্ষের তরফ থেকে এনসিসি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে মামলা নিয়ে তদন্ত শুরু করে পুলিশ।

চুরির ঘটনার তদন্তে এসআই জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে একটি পুলিশ দল গঠন করা হয়। তদন্তের অংশ হিসেবে বিএসএনএল অফিসের বিভিন্ন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ জানতে পারে, চুরির সঙ্গে জড়িতরা প্রথমে একটি বাইকে করে বিএসএনএল অফিস প্রাঙ্গণে প্রবেশ করে। চুরি করার পর তাঁরা চুরি যাওয়া সামগ্রী একটি টাটা এইচ গাড়িতে করে সেখান থেকে সরিয়ে নেয়।

সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্যের ভিত্তিতে তদন্ত এগিয়ে নিয়ে বৃহস্পতিবার রাতে এডি নগর এলাকা থেকে চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করে চুরি যাওয়া সামগ্রী গ্রহণকারী অপর এক ব্যক্তির সন্ধান পায় তদন্তকারী দল। এরপর তাঁকেও গ্রেফতার করা হয়।

ধৃতদের জিজ্ঞাসাবাদের পর পুলিশ চুরির কাজে ব্যবহৃত টিআর০১এটি৮৭৩৫ নম্বরের বাইক এবং টিআর০১এই১৫১০ নম্বরের টাটা এইচ গাড়িটি উদ্ধার করে। একই সঙ্গে বিএসএনএল অফিস থেকে চুরি যাওয়া সামগ্রীও উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

তবে তদন্তে আরও গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। পুলিশ আধিকারিকদের দাবি, বিএসএনএল অফিসের সিসিটিভি ফুটেজে চুরির ঘটনায় আরও কয়েকজনের জড়িত থাকার প্রমাণ মিলেছে। ধৃত দুই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে তাঁদের সহযোগীদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।

এনসিসি থানার ওসি পরিতোষ দাস জানান, ধৃত দুই অভিযুক্তকে শুক্রবার পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করা হয়। তাঁদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে চুরি চক্রের আরও সদস্য এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য তথ্য সামনে আসবে বলে আশা করছে পুলিশ।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande