
নয়াদিল্লি, ৩০ আগস্ট (হি.স.): দিল্লির শাহবাদ ডেয়ারি থানার অন্তর্গত প্রহ্লাদপুর বাঙ্গার গ্রামে একটি বাড়ির বাথরুম থেকে ২২ বছরের এক মহিলার মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ হত্যার মামলা দায়ের করে পলাতক স্বামীর খোঁজ শুরু করেছে।
রবিবার পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, মৃতার ভাই মহম্মদ গুলাবের অভিযোগ অনুযায়ী, প্রায় দু’বছর আগে তাঁর বোনের সঙ্গে মহম্মদ লালবাবুর বিয়ে হয়েছিল। তাঁরা প্রহ্লাদপুর বাঙ্গারে থাকতেন। বোনের বাড়িতে গিয়ে তিনি সাভিলাকে মৃত অবস্থায় দেখতে পান। তাঁর স্বামী ও সন্তান সেখানে ছিল না।
পুলিশ জানিয়েছে, ২৯ আগস্ট প্রহ্লাদপুর বাঙ্গারের এইচ-৪১৬ নম্বর বাড়িতে এক মহিলার মৃত্যুর খবর পাওয়া যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়ির বাথরুমে মহিলার দেহ উদ্ধার করে। মৃতার পরিচয় ২২ বছরের সাভিলা খাতুন, মহম্মদ লালবাবুর স্ত্রী হিসেবে জানা গিয়েছে। ঘটনার পর থেকেই তাঁর স্বামী ও সন্তান নিখোঁজ।
মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রোহিণীর বিএসএ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
পুলিশ আপাতত প্রতিবেশী ও পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করছে। পলাতক স্বামীকে গ্রেফতারের জন্য সম্ভাব্য জায়গাগুলিতে তল্লাশি চালানো হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য