
নয়াদিল্লি, ৩০ আগস্ট (হি.স.): রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর মাসিক বেতার অনুষ্ঠান মন কি বাত-এ দেশ-বিদেশের মানুষের সঙ্গে নিজের চিন্তাভাবনা ভাগ করে নিলেন। এদিনের মন কি বাত অনুষ্ঠানটি ছিল ১৩৭-তম পর্ব।
রবিবার প্রধানমন্ত্রী মন কি বাত-এ বলেন, আমাদের মেয়েদের স্বপ্নের উড়ান পৃথিবী ছাড়িয়ে মহাকাশে পৌঁছচ্ছে| ভারত এমন স্বপ্ন দেখা বিশ্বের হাজার হাজার মেয়েকে এক সুতোয় বাঁধছে। এই উদ্যোগের নাম মিশন শক্তি-স্যাট। এর মাধ্যমে ১০৮টি দেশের ১২ হাজার ছাত্রী স্যাটেলাইট প্রযুক্তি শেখার এবং উদ্ভাবনের ক্ষেত্রে এগিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছে। ২৩ আগস্ট, জাতীয় মহাকাশ দিবসে এই মিশনের একটি সুন্দর দৃশ্য উত্তর প্রদেশের গ্রেটার নয়ডায় দেখা গেছে। গৌতম বুদ্ধ বিশ্ববিদ্যালয়ে মিশন শক্তি-স্যাট-এর দ্বিতীয় ধাপের সূচনা হয়েছে। এই উপলক্ষ্যে বিশ্বের বিভিন্ন দেশ ও ভারত থেকে আসা প্রায় ১০০ জন ছাত্রী এক জায়গায় একত্রিত হয়েছিল। ভারতের প্রত্যন্ত অঞ্চল থেকে নির্বাচিত ছাত্রীরাও এতে অংশ নিয়েছিল। এই গোটা উদ্যোগের লক্ষ্যটিও অত্যন্ত বিশেষ। সম্পূর্ণভাবে ছাত্রীদের দ্বারা নির্মিত একটি স্যাটেলাইটকে চাঁদের কক্ষপথে পাঠানোর প্রস্তুতি চলছে। প্রধানমন্ত্রী বলেন, আমার দৃঢ় বিশ্বাস যে এদের মধ্য থেকেই বহু ছাত্রী আগামী দিনে বিজ্ঞান, প্রযুক্তি এবং উদ্ভাবনের জগতে নিজেদের এক নতুন পরিচয় গড়ে তুলবে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ