
নয়াদিল্লি, ৩০ আগস্ট (হি.স.): রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর মাসিক বেতার অনুষ্ঠান মন কি বাত-এ দেশ-বিদেশের মানুষের সঙ্গে নিজের চিন্তাভাবনা ভাগ করে নিলেন। এদিনের মন কি বাত অনুষ্ঠানটি ছিল ১৩৭-তম পর্ব।
রবিবার প্রধানমন্ত্রী মন কি বাত-এ বলেন, আমাদের শহর এবং মফস্বলের রাস্তায় প্রত্যেকদিন সকাল থেকে সন্ধ্যে, লক্ষাধিক মহিলা বিভিন্ন কাজে যুক্ত থাকেন। কেউ সবজি বেচেন, কেউ ফল, কেউ চায়ের দোকান দেন, আবার কেউ ফুল প্রদীপ এবং পূজার সামগ্রী নিয়ে বসেন। অনেক সময় শুধুমাত্র স্বল্প পুঁজি তাঁদের ব্যবসাকে এগিয়ে নিয়ে যাবার পথে বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু এখন এরকম লক্ষ লক্ষ মা-বোনেরা, পিএম স্বনিধি যোজনা থেকে নতুন শক্তি পাচ্ছেন। নারী ক্ষমতায়নের এই দিকটি নিয়ে যতটা আলোচনা হওয়া উচিত, ততটা হয় না। পিএম স্বনিধি যোজনা এর লাভার্থীর মধ্যে প্রায় ৪৬ শতাংশই মহিলা। অর্থাৎ সারা দেশের প্রায় ৩৫ লক্ষ মহিলা এই যোজনার সঙ্গে যুক্ত হয়ে নিজেদের ব্যবসা এগিয়ে নিয়ে যাচ্ছেন।
প্রধানমন্ত্রী এদিন মন কি বাত অনুষ্ঠানে এও বলেন, মহিলাদের ব্যবসার বৃদ্ধির সঙ্গে সঙ্গে গোটা পরিবারের ভবিষ্যতেরও অগ্রগতি হয়। বাচ্চাদের শিক্ষায় উন্নতি হয়, ঘরের প্রয়োজন পূরণ হয়, আর নারীদের ভিতর আত্মবিশ্বাস আরও মজবুত হয়। এটাই তো নারী ক্ষমতায়নের এক জীবন্ত রূপ।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ