
রাঁচি, ৬ আগস্ট (হি.স.): ঝাড়খণ্ড লোক ক্রান্তিকারী মোর্চা (জেএলকেএম)-এর সিনিয়র সহ-সভাপতি তথা ছাত্রনেতা দেবেন্দ্রনাথ মাহাতোর আমরণ অনশন ভেঙে যাওয়ার যে খবর বিভিন্ন মহলে ছড়িয়েছে, তা বিভ্রান্তিকর বলে জানিয়েছেন সমাজকর্মী সোনম ওয়াংচুক। তিনি স্পষ্ট করেছেন, দেবেন্দ্রনাথ মাহাতো এখনও আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন এবং কেবল নুন মেশানো জল পান করছেন।
বৃহস্পতিবার দেবেন্দ্রনাথ মাহাতোর পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, ভিডিও কলে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিয়ে সোনম ওয়াংচুক তাঁকে নুন-জল পান করার পরামর্শ দেন। এরপরই কয়েকটি সংবাদমাধ্যমে অনশন ভাঙার খবর প্রকাশিত হয়। সেই খবরের বিরোধিতা করে ওয়াংচুক নিজের সরকারি সামাজিক মাধ্যমের অ্যাকাউন্টে জানান, দেবেন্দ্রনাথ গত পাঁচ দিন ধরে অনশনে রয়েছেন এবং এখনও পর্যন্ত অন্নগ্রহণ করেননি। তাঁর আমরণ অনশন আগের মতোই অব্যাহত রয়েছে।
একই সঙ্গে সোনম ওয়াংচুক সরকারকে ছাত্রদের দাবিদাওয়া গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত ইতিবাচক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
এদিকে দেবেন্দ্রনাথ মাহাতো জানান, জেপিএসসি-জেএসএসসি-সহ বিভিন্ন ছাত্র-সংক্রান্ত দাবিতে চলা সত্যাগ্রহ আন্দোলন বৃহস্পতিবার ১৩তম দিনে এবং তাঁর অনির্দিষ্টকালের আমরণ অনশন পঞ্চম দিনে পৌঁছেছে। তিনি বলেন, ছাত্রদের দাবির বিষয়ে সরকার সুনির্দিষ্ট সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত তাঁর শান্তিপূর্ণ সত্যাগ্রহ ও আমরণ অনশন অব্যাহত থাকবে।
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য