
রাঁচি, ৭ আগস্ট (হি.স.) : জেপিএসসি, জেএসএসসি-সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় কথিত অনিয়মের প্রতিবাদে আন্দোলনরত ছাত্র-পরীক্ষার্থীরা রাজ্য সরকারের সঙ্গে প্রস্তাবিত বৈঠকের জন্য ১০ সদস্যের প্রতিনিধিদলের চূড়ান্ত তালিকা শুক্রবার প্রকাশ করেছে।
ছাত্রনেতা কুনাল প্রতাপ সিং প্রকাশিত তালিকা অনুযায়ী, প্রতিনিধিদলে রয়েছেন রবীন্দ্র পাশওয়ান, পীযূষ কুমার, রাজেশ প্রসাদ, নীতু কুজুর, অঙ্কিত রাজ, কার্তিক সোরেন, শালু কুমারী, রবীন্দ্র কুমার রবি, আনন্দ কুমার এবং অঙ্কিত কুমার।
কুনাল প্রতাপ সিং জানান, আন্দোলন-সংক্রান্ত সমস্যার সমাধান খোঁজা এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় কথিত অনিয়মের বিষয়ে ছাত্রদের দাবিগুলি সরকারের সামনে জোরালোভাবে তুলে ধরাই এই বৈঠকের উদ্দেশ্য। তিনি বলেন, প্রশাসনের পক্ষ থেকে প্রতিনিধিদলের তালিকা চাওয়া হয়েছিল এবং সেই অনুযায়ী এই তালিকা দেওয়া হয়েছে।
তিনি স্পষ্ট করে বলেন, দাবিগুলির বিষয়ে সরকার লিখিত ও সুনির্দিষ্ট সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আন্দোলন চলবে। ছাত্রদের প্রধান দাবির মধ্যে রয়েছে নিরপেক্ষ তদন্ত, স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া এবং যুবসমাজের স্বার্থরক্ষা।
উল্লেখ্য, এর আগে সরকার জানিয়েছিল যে প্রতিনিধিদলে শুধুমাত্র ছাত্র-পরীক্ষার্থীদেরই রাখা হবে। সেই নির্দেশ মেনে আন্দোলনকারীরা প্রতিনিধিদলের তালিকা থেকে সাংবাদিক ও আইনজীবীর নাম বাদ দিয়েছেন। ছাত্রনেতাদের বক্তব্য, সরকারের অনুরোধ অনুযায়ী আলোচনায় এখন শুধুমাত্র ছাত্র-পরীক্ষার্থীদের প্রতিনিধিদলই অংশ নেবে।
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য