
চণ্ডীগড়, ৭ আগস্ট (হি.স.): পঞ্জাব বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে শিরোমণি অকালি দলের (এসএডি) সভাপতি সুখবীর সিং বাদল শুক্রবার নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। এর পর পঞ্জাবের রাজনীতিতে অকালি দলের এবং ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মধ্যে সম্ভাব্য নির্বাচনী জোট নিয়ে জল্পনা ফের তীব্র হয়ে উঠেছে।
সংসদ ভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সুখবীরের এই বৈঠক প্রায় ২০ মিনিট ধরে চলে। যদিও বিজেপি বা অকালি দল—কোনও পক্ষ থেকেই বৈঠকের বিষয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি, তবে সুখবীর বাদলের সঙ্গে উপস্থিত নেতারা এটিকে অনানুষ্ঠানিক সাক্ষাৎ বলে অভিহিত করেছেন এবং আলোচনার বিষয়বস্তু প্রকাশ করেননি।
এই সাক্ষাৎ এমন এক সময়ে ঘটল, যখন উভয় দলই ২০২৭ সালের পঞ্জাব বিধানসভা নির্বাচনের প্রস্তুতিতে ব্যস্ত। শিঅদ এবং বিজেপি প্রায় ২৩ বছর ধরে সহযোগী ছিল এবং দুই দল মিলে পঞ্জাবে তিনবার সরকার গঠন করেছিল। তবে, ২০২০ সালের সেপ্টেম্বরে কেন্দ্র সরকারের তিনটি কৃষি আইনকে কেন্দ্র করে মতভেদের পর অকালি দল জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ) থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেয়।
এর পর উভয় দলই ২০২২ সালের পঞ্জাব বিধানসভা নির্বাচন আলাদাভাবে লড়েছিল এবং দু পক্ষকেই বড় ধরণের নির্বাচনী ক্ষতির সম্মুখীন হতে হয়। এখন সুখবীর বাদল ও প্রধানমন্ত্রী মোদীর বৈঠক পুরোনো রাজনৈতিক সমীকরণ ফিরে আসার সম্ভাবনাকে উসকে দিয়েছে। যদিও উভয় দল এ পর্যন্ত প্রকাশ্যে আগামী বিধানসভা নির্বাচন নিজেদের শক্তিতে লড়ার কথাই বলে এসেছে।
পঞ্জাব বিজেপি সভাপতি কেবল সিং ধিলোঁ জানিয়েছেন, রাজ্য বিজেপি সমস্ত ১১৭টি বিধানসভা আসনেই এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছে। তিনি আরও বলেন যে, প্রধানমন্ত্রী দেশের সমস্ত মানুষের, তাই যে কোনও প্রবীণ নেতা তাঁর সঙ্গে সাক্ষাৎ করতেই পারেন।
এন.কে. শর্মা বলেন, শিরোমণি অকালি দলের সভাপতি সুখবীর সিং বাদল ও প্রধানমন্ত্রী মোদীর মধ্যে বৈঠকে পঞ্জাব সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে প্রশ্নপত্র ফাঁস, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং সাধারণ মানুষের সঙ্গে যুক্ত অন্যান্য সমস্যা অন্তর্ভুক্ত ছিল। তিনি আরও অভিযোগ করেন, আম আদমি পার্টি এবং অরবিন্দ কেজরিওয়ালের পক্ষ থেকে শিরোমণি অকালি দল ও বিজেপির সম্ভাব্য জোট নিয়ে যে প্রচার চালানো হচ্ছে, তা কেবল পঞ্জাবের আসল সমস্যাগুলি থেকে মানুষের নজর ঘোরানোর চেষ্টা। এন.কে. শর্মার কথায়, পঞ্জাবের ভুয়ো প্রচারের প্রয়োজন নেই; রাজ্যটির প্রয়োজন সৎ উদ্দেশ্য, জবাবদিহিতা এবং শক্তিশালী নেতৃত্ব।
পঞ্জাবে কংগ্রেস, বিজেপি এবং অকালি দলের অভ্যন্তরীণ চ্যালেঞ্জের মধ্যে এই সাক্ষাৎ রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। আপাতত উভয় পক্ষ জোটের সম্ভাবনার কথা স্বীকার না করলেও, ২০২৭ সালের নির্বাচনের আগে এই বৈঠক নতুন রাজনৈতিক সমীকরণের জল্পনা নিশ্চিতভাবেই বাড়িয়ে দিয়েছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি