জাতীয় সড়কে সহায়তায় আধুনিক হচ্ছে ১০৩৩ হেল্পলাইন
নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (হি.স.): জাতীয় সড়কে যাত্রীদের আরও দ্রুত ও উন্নত পরিষেবা দিতে ১০৩৩ হেল্পলাইনকে অত্যাধুনিক প্রযুক্তিতে সাজানোর উদ্যোগ নিয়েছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ (এনএইচএআই)। নতুন ব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), তাৎক্ষণিক অবস্থান নির্ণয়
জাতীয় সড়কে সহায়তায় আধুনিক হচ্ছে ১০৩৩ হেল্পলাইন


নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (হি.স.): জাতীয় সড়কে যাত্রীদের আরও দ্রুত ও উন্নত পরিষেবা দিতে ১০৩৩ হেল্পলাইনকে অত্যাধুনিক প্রযুক্তিতে সাজানোর উদ্যোগ নিয়েছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ (এনএইচএআই)। নতুন ব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), তাৎক্ষণিক অবস্থান নির্ণয় এবং স্মার্ট জরুরি পরিষেবার মতো প্রযুক্তি যুক্ত করা হবে।

সড়ক পরিবহণ ও জাতীয় সড়ক মন্ত্রক সোমবার জানিয়েছে, নতুন ব্যবস্থায় হেল্পলাইনে ফোন করা ব্যক্তির অবস্থান স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করা যাবে। পাশাপাশি বিভিন্ন ভারতীয় ভাষায় কথোপকথন বুঝতে পারবে এআই-ভিত্তিক ব্যবস্থা। প্রয়োজন অনুযায়ী দ্রুত সহায়তাও পৌঁছে দেওয়া হবে। তবে জরুরি পরিস্থিতিতে মানব অপারেটরদের ভূমিকা আগের মতোই থাকবে।

মন্ত্রক জানিয়েছে, ২০১৮ সাল থেকে ১০৩৩ হেল্পলাইন চালু রয়েছে। ২৪ ঘণ্টাই এই পরিষেবা পাওয়া যায়। এর মাধ্যমে চিকিৎসাজনিত জরুরি পরিস্থিতি, গাড়ি খারাপ হয়ে যাওয়া, অ্যাম্বুল্যান্স, ক্রেন ও টহলদারি গাড়ির সহায়তা, টোল প্লাজা এবং ফাস্ট্যাগ সংক্রান্ত অভিযোগ-সহ জাতীয় সড়কে যাত্রীদের বিভিন্ন সমস্যার সমাধান করা হয়। বর্তমানে ১ লক্ষ ৪৬ হাজার কিলোমিটারেরও বেশি জাতীয় সড়ক এই হেল্পলাইনের আওতায় রয়েছে। প্রতিদিন প্রায় ১৫ হাজার ফোন আসে।

নতুন ব্যবস্থায় সাহায্য পৌঁছে দেওয়ার প্রক্রিয়া আরও দ্রুত করা হবে। পাশাপাশি ফোন করা ব্যক্তির অবস্থান স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করা, বিভিন্ন ভারতীয় ভাষায় এআই-ভিত্তিক সহায়তা, প্রয়োজন অনুযায়ী অ্যাম্বুল্যান্স বা অন্যান্য জরুরি পরিষেবা দ্রুত পাঠানো, যাত্রীদের সময়মতো সতর্কবার্তা দেওয়া এবং জরুরি পরিষেবাগুলির মধ্যে আরও উন্নত সমন্বয়ের ব্যবস্থা থাকবে।

এনএইচএআই-এর অধীনস্থ সংস্থা ইন্ডিয়ান হাইওয়ে ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড (আইএইচএমসিএল) পরবর্তী প্রজন্মের ১০৩৩ হেল্পলাইন ও কল সেন্টারের উন্নয়ন, পরিচালনা এবং রক্ষণাবেক্ষণের জন্য আগ্রহী সংস্থাগুলির কাছ থেকে আবেদন চেয়েছে। সফটওয়্যার তৈরি, ডিজিটাল প্ল্যাটফর্ম, ২৪ ঘণ্টার কল সেন্টার পরিচালনা এবং জরুরি পরিষেবা ব্যবস্থাপনায় অভিজ্ঞ সংস্থাগুলিকে আবেদন করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande