
নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (হি.স.): প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত নেপালকে সাহায্য করতে বিদ্যুৎ সরবরাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত। কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রক নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষকে ১৩ সেপ্টেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন ১৮ ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহের অনুমতি দিয়েছে।
সোমবার বিদ্যুৎ মন্ত্রক জানিয়েছে, মুজফ্ফরপুর-ঢালকেবর ৪০০ কেভি ডবল সার্কিট লাইনের মাধ্যমে নেপালকে সর্বোচ্চ ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হবে। পাশাপাশি, টনকপুর-মহেন্দ্রনগর ১৩২ কেভি সিঙ্গল সার্কিট লাইনের মাধ্যমে সর্বোচ্চ ৫৪ মেগাওয়াট বিদ্যুৎ পাঠানো হবে।
জানা গিয়েছে, ২০২৭ সালের জানুয়ারি থেকে বিদ্যুৎ রফতানির পরিমাণ এবং সরবরাহ ব্যবস্থা নিয়ে ২০২৬ সালের ডিসেম্বর মাসে পর্যালোচনা করা হবে। নেপালের বিদ্যুতের চাহিদা ও প্রাপ্যতার ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা ঠিক করা হবে।
উল্লেখ্য, সম্প্রতি নেপালে ভয়াবহ বন্যায় জলবিদ্যুৎ পরিকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। এর ফলে দেশের বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয়েছে এবং বিদ্যুৎ সংকট আরও গভীর হয়েছে। এই পরিস্থিতিতে ভারত থেকে অতিরিক্ত বিদ্যুৎ সরবরাহ নেপালের তাৎক্ষণিক বিদ্যুতের চাহিদা মেটাতে সাহায্য করবে।
সোমবার বিদ্যুৎ মন্ত্রক জানিয়েছে, এই সিদ্ধান্তের মাধ্যমে সংকটের সময়ে নেপালকে প্রয়োজনীয় বিদ্যুৎ সহায়তা দেওয়ার পাশাপাশি দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদি ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সহযোগিতা আরও শক্তিশালী হবে। আঞ্চলিক সহযোগিতা এবং প্রতিবেশী দেশকে সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়ার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেছে ভারত।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস