
নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (হি.স.): ৩৬২ মেট্রিক টনের বেশি শুকনো পাকিস্তানি খেজুর বাজেয়াপ্ত করেছে রাজস্ব গোয়েন্দা দফতর (ডিআরআই)। দফতরের বিশেষ অভিযান ‘অপারেশন ডিপ ম্যানিফেস্ট’-এর আওতায় এই পদক্ষেপ করা হয়েছে।
কেন্দ্রীয় অর্থ মন্ত্রক সোমবার জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিআরআই আধিকারিকরা নাসিকের আম্বাদ এলাকার কনটেনার ফ্রেট স্টেশনে মুম্বইয়ের একটি সংস্থার আমদানি করা খেজুরবোঝাই ১৩টি কনটেনার আটক করেন। আমদানির নথিতে পণ্যগুলির উৎপত্তিস্থল সংযুক্ত আরব আমিরশাহী (ইউএই) বলে উল্লেখ করা হয়েছিল।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, খেজুরগুলি প্রথমে পাকিস্তানের করাচি বন্দর থেকে ইউএই-এর জেবেল আলি বন্দরে পাঠানো হয়। এরপর সেখানে শুধু কনটেনার বদল করে সেগুলি ভারতে পাঠানো হয়েছিল।
তদন্তে আরও জানা গিয়েছে, এই গোটা প্রক্রিয়ায় পাকিস্তানি নাগরিকদের পরিচালিত কয়েকটি সংস্থার ভূমিকা ছিল। পণ্যের নথিভুক্ত তথ্য এবং প্রকৃত উৎপত্তিস্থলের মধ্যে অসঙ্গতি সামনে আসার পর ডিআরআই ওই চালান বাজেয়াপ্ত করে। আরও তদন্ত চলছে।
অর্থ মন্ত্রক জানিয়েছে, পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর জাতীয় নিরাপত্তার কথা মাথায় রেখে ২০২৫ সালের ২ মে থেকে পাকিস্তান থেকে আসা বা পাকিস্তানি উৎসের সমস্ত পণ্যের প্রত্যক্ষ ও পরোক্ষ আমদানি এবং পারাপারের ক্ষেত্রে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে ভারত সরকার।
মন্ত্রক জানিয়েছে, তৃতীয় দেশের মাধ্যমে পাকিস্তানি উৎসের পণ্য ভারতে এনে নিষেধাজ্ঞা এড়ানোর চেষ্টা রুখতে নজরদারি চালানো হচ্ছে। এরই অংশ হিসেবে ‘অপারেশন ডিপ ম্যানিফেস্ট’-এর আওতায় এ ধরনের পণ্য চিহ্নিত করা, আটক করা এবং জব্দ করার কাজ চালিয়ে যাচ্ছে ডিআরআই।
ডিআরআই জানিয়েছে, পণ্যের ভুল তথ্য ঘোষণা, অন্য বন্দরে স্থানান্তর এবং নথিতে কারচুপির মাধ্যমে বাণিজ্যিক নিষেধাজ্ঞা এড়ানোর চেষ্টার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। নাসিকে এই পদক্ষেপ নিষিদ্ধ পণ্যের পরোক্ষ আমদানি রুখতে এবং শুল্ক আইন কার্যকরভাবে মেনে চলা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে জানিয়েছে সংস্থাটি।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস