
কলকাতা, ১৫ সেপ্টেম্বর (হি.স.): কলকাতা হাইকোর্ট মঙ্গলবার হলদিয়ায় বিশ্বকর্মা পূজা আয়োজনের অনুমতি দিয়েছে। বিচারপতি সৌগত ভট্টাচার্য হলদিয়া থানার পুলিশ আধিকারিকদের নির্দেশ দিয়েছেন, যাতে তাঁরা ১৬ সেপ্টেম্বরের মধ্যে পূজা আয়োজনের জন্য প্রয়োজনীয় অনুমতিপত্র বা নো-অবজেকশন সার্টিফিকেট ইস্যু করেন। এই বিশ্বকর্মা পূজা আগামী ১৮ ও ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
'হলদিয়া রিফাইনারি শ্রমিক কর্মচারী বিশ্বকর্মা পূজা উৎসব সমিতি' শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট ট্রাস্টের অন্তর্গত হলদিয়া ডক কমপ্লেক্সের জমিতে পূজা আয়োজনের অনুমতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল। আবেদনকারীদের তরফে আদালতকে জানানো হয়, অগ্নিনির্বাপক বিভাগ আয়োজকদের জানিয়েছে যে স্থানীয় পুলিশের কাছ থেকে অনাপত্তি শংসাপত্র না মেলা পর্যন্ত তারা প্রয়োজনীয় অনুমতি দেবে না। এরপরই সমিতি পুলিশের কাছ থেকে পূজার অনুমতি দেওয়ার নির্দেশ চেয়ে আদালতের কাছে আবেদন জানায়।
রাজ্য সরকারের তরফে এই আবেদনের বিরোধিতা করে বলা হয় যে, আয়োজকদের কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর (সিআইএসএফ) কাছ থেকেও অনাপত্তি শংসাপত্র নেওয়া প্রয়োজন। তবে আদালত রাজ্য সরকারের এই যুক্তি খারিজ করে দিয়ে পর্যবেক্ষণ করে যে, যে জমিতে পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটি পোর্ট কর্তৃপক্ষের এবং এই আয়োজনের ফলে সাধারণ মানুষের কোনও অসুবিধার সম্ভাবনা নেই।
বিচারপতি সৌগত ভট্টাচার্য সিআইএসএফ-এর কাছ থেকে অনাপত্তি শংসাপত্র নেওয়ার প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তোলেন। আদালত হলদিয়া পুলিশকে ১৬ সেপ্টেম্বরের মধ্যে প্রয়োজনীয় অনুমতি দেওয়ার নির্দেশ দিয়েছে, যাতে আয়োজকরা অগ্নিনির্বাপক বিভাগের কাছ থেকেও দ্রুত অনুমতি সংগ্রহ করতে পারেন।
হিন্দুস্থান সমাচার / সোনালি