
পারো, ১৬ সেপ্টেম্বর (হি.স.): দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে দুই দিনের সরকারি সফরে ভুটানে পৌঁছলেন ভারতের বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। বুধবার ভুটানের পারো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান সে দেশের বিদেশমন্ত্রী লিয়নপো ডি এন ধুংগেল।
বিমানবন্দরে নামার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সন্তোষ প্রকাশ করে ভারতের বিদেশমন্ত্রী জানান, তিনি ভুটানের পারোতে পৌঁছতে পেরে অত্যন্ত আনন্দিত। উষ্ণ অভ্যর্থনার জন্য সমকক্ষ ডি এন ধুংগেলকে ধন্যবাদ জানিয়ে জয়শঙ্কর বলেন, ভারত ও ভুটানের মধ্যকার অনন্য ও ঐতিহাসিক বন্ধুত্বের সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যেতে এবং দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে গঠনমূলক আলোচনার জন্য তিনি আগ্রহের সঙ্গে অপেক্ষা করছেন।
এই সফরকালে ড. জয়শঙ্কর ভুটানের বিদেশমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসার পাশাপাশি দেশটির রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক এবং প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন। উভয় দেশের মধ্যে উচ্চপর্যায়ের নিয়মিত যোগাযোগ এবং বিদ্যমান সহযোগিতাকে আরও জোরদার করাই এই সফরের মূল লক্ষ্য।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ