
মালদা, ১৬ সেপ্টেম্বর (হি.স.): মালদার মানিকচকের ভূতনিতে বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। বানভাসি উত্তর চণ্ডীপুর ও দক্ষিণ চণ্ডীপুরের বিভিন্ন গ্রাম পরিদর্শন করে বন্যাদুর্গত বাসিন্দাদের সঙ্গে কথা বললেন বাম নেত্রী মীনাক্ষী মুখার্জি। তাঁকে কাছে পেয়ে একের পর এক সমস্যার কথা জানান দুর্গতরা। তাঁদের অভিযোগ, পর্যাপ্ত ত্রাণ, খাবার ও পানীয় জলের ব্যবস্থা নেই। পাশাপাশি স্বাস্থ্য পরিষেবাও পর্যাপ্ত নয় বলে দাবি করেন তাঁরা।
বন্যা পরিস্থিতি নিয়ে রাজ্য সরকারের পরিকল্পনা ও প্রস্তুতি নিয়েও প্রশ্ন তোলেন মীনাক্ষী মুখার্জি। তাঁর অভিযোগ, সরকারের দূরদর্শিতা ও পরিকল্পনার অভাবেই ভূতনির মানুষকে এই পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে।
অন্যদিকে, বানভাসি মানুষের পাশে দাঁড়িয়ে ত্রাণ বিতরণে উদ্যোগী হয়েছেন মানিকচকের বিধায়ক গৌড় চন্দ্র মণ্ডল। আগের দিন বন্যাদুর্গতদের খাবারের ব্যবস্থা করার আশ্বাস দিয়েছিলেন তিনি। সেই অনুযায়ী বুধবার নিজে এলাকায় পৌঁছে বাসিন্দাদের হাতে খাবার তুলে দেন বিধায়ক।
স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যার কথাও শোনেন গৌড় চন্দ্র মণ্ডল। কোথায় কী ধরনের সাহায্য প্রয়োজন, তা নিয়েও আলোচনা করেন তিনি। বন্যা পরিস্থিতি অনুযায়ী আগামী দিনেও ত্রাণ ও প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেওয়া হয়েছে। প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দুর্গতদের কাছে সাহায্য পৌঁছে দেওয়ার কথাও জানানো হয়েছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়