ঝাড়গ্রামে সেবা সংকল্প নিয়ে বৈঠক, কর্মদিবস বাড়ানোর দাবি দিলীপ ঘোষের
ঝাড়গ্রাম, ১৬ সেপ্টেম্বর (হি.স.):- ‘সেবা সংকল্প’ কর্মসূচির রূপায়ণ নিয়ে বুধবার ঝাড়গ্রাম জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করলেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। বৈঠক শেষে বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, রাজ্যে প্রতিদিন এক লক্ষের বেশি কর্মদিব
দীলিপ ঘোষ


ঝাড়গ্রাম, ১৬ সেপ্টেম্বর (হি.স.):- ‘সেবা সংকল্প’ কর্মসূচির রূপায়ণ নিয়ে বুধবার ঝাড়গ্রাম জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করলেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। বৈঠক শেষে বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, রাজ্যে প্রতিদিন এক লক্ষের বেশি কর্মদিবস তৈরি করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

দিলীপ ঘোষ জানান, ১৭ সেপ্টেম্বর থেকে ‘সেবা সংকল্প’ কর্মসূচির আওতায় বিভিন্ন কর্মসূচি শুরু হচ্ছে। ‘বিকশিত ভারত’-এর ভাবনা মানুষের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি সরকারি প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার উপর গুরুত্ব দেওয়া হবে। তাঁর দাবি, ৩১৮টি কাজের তালিকা দেওয়া হয়েছে এবং সেগুলি ধীরে ধীরে শুরু হয়েছে। আগে রাজ্যে দৈনিক প্রায় সাত হাজার কর্মদিবস তৈরি হলেও তা বেড়ে ৭০ হাজারের বেশি হয়েছে। চলতি সপ্তাহে তা এক লক্ষে পৌঁছবে বলে দাবি তাঁর।

পাশাপাশি তিনি বলেন, আগের সরকারের আমলে হওয়া দুর্নীতির অভিযোগগুলির তদন্ত হবে এবং কাউকে ছাড় দেওয়া হবে না। উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি অপরাধের বিচার হবে বলেও জানান তিনি।

ঝাড়গ্রামের ম্যাঙ্গানিজ, অশোকনগরের খনিজ তেল এবং পুরুলিয়ায় লিথিয়াম প্রসঙ্গেও মন্তব্য করেন মন্ত্রী। তাঁর দাবি, প্রাকৃতিক সম্পদ কাজে লাগিয়ে কর্মসংস্থান ও সরকারি রাজস্ব বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। উপনির্বাচন প্রসঙ্গে তাঁর বক্তব্য, বিরোধীরা আদালতে গেলেও বিজেপি নির্বাচনে লড়বে। ‘অন্নপূর্ণা যোজনা’ প্রকল্পে শুধুমাত্র যোগ্যরাই সুবিধা পাবেন বলেও জানান তিনি।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande