
মালদা, ১৬ সেপ্টেম্বর (হি.স.):- প্রকাশ্য দিবালোকে বাড়িতে ঢুকে নগদ ২৪ লক্ষ টাকা এবং প্রায় ২৫ ভরি সোনার গয়না নিয়ে চম্পট দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। বুধবার ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানার গাবগাছি-যদুপুর এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই ঘটনার বিস্তারিত জানিয়ে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন জমি ব্যবসায়ী সইদুর রহমান।
পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে সইদুর রহমান নিচের ঘর থেকে উপরের তলার শৌচালয়ে যান। সেই সময় তাঁর স্ত্রী হাসনা বানু এবং মেয়ে বাড়িতে ফিরে আসেন। বাড়িতে ঢুকে তাঁরা দেখতে পান, আলমারিতে রাখা নগদ টাকা এবং সোনার গয়না নেই। অভিযোগ, সেই সুযোগেই বাড়িতে ঢুকে দুষ্কৃতীরা আলমারি থেকে টাকা ও গয়না নিয়ে পালিয়ে যায়।
পরিবারের দাবি, চুরির সময় আলমারি বা ঘরের কোনও জিনিসপত্র ভাঙচুর করা হয়নি। নির্দিষ্ট জায়গায় রাখা নগদ টাকা ও গয়না নিয়ে চোরেরা নির্বিঘ্নে পালিয়ে যায়। ফলে পরিচিত কেউ এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে বলে পরিবারের সদস্যদের সন্দেহ।
ঘটনার পর আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ। বাড়ির আশপাশের এলাকা ও সম্ভাব্য সূত্র খতিয়ে দেখা হচ্ছে। চুরির ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তা তদন্ত করে দেখছেন পুলিশকর্মীরা।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়