পঞ্চায়েত সহায়কদের বড় উপহার যোগীর মানদেয় বাড়ল ৫০ শতাংশ, মাসে মিলবে ৯ হাজার টাকা
লখনউ, ১৬ সেপ্টেম্বর (হি.স.): উত্তর প্রদেশের ৫৭ হাজারেরও বেশি পঞ্চায়েত সহায়কের জন্য বড় সিদ্ধান্ত নিল যোগী আদিত্যনাথ সরকার। পঞ্চায়েত সহায়কদের মাসিক মানদেয় ৬ হাজার টাকা থেকে বাড়িয়ে ৯ হাজার টাকা করা হচ্ছে। অর্থাৎ মানদেয় বাড়ছে ৩ হাজার টাকা, যা ৫০ শতা
পঞ্চায়েত সহায়কদের বড় উপহার যোগীর  মানদেয় বাড়ল ৫০ শতাংশ, মাসে মিলবে ৯ হাজার টাকা


লখনউ, ১৬ সেপ্টেম্বর (হি.স.): উত্তর প্রদেশের ৫৭ হাজারেরও বেশি পঞ্চায়েত সহায়কের জন্য বড় সিদ্ধান্ত নিল যোগী আদিত্যনাথ সরকার। পঞ্চায়েত সহায়কদের মাসিক মানদেয় ৬ হাজার টাকা থেকে বাড়িয়ে ৯ হাজার টাকা করা হচ্ছে। অর্থাৎ মানদেয় বাড়ছে ৩ হাজার টাকা, যা ৫০ শতাংশ বৃদ্ধি। এর পাশাপাশি পরিষেবার নিরাপত্তা, ক্যাশলেস চিকিৎসা এবং মহিলা পঞ্চায়েত সহায়কদের মাতৃত্বকালীন ছুটির সুবিধার কথাও জানানো হয়েছে।

পঞ্চায়েত সহায়কদের বিভিন্ন দাবিকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে আলোচনার পর বুধবার পঞ্চায়েতি রাজ মন্ত্রী ওমপ্রকাশ রাজভর আন্দোলনরত পঞ্চায়েত সহায়কদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পর তাঁদের উপস্থিতিতেই সাংবাদিক বৈঠকে সিদ্ধান্তগুলির কথা জানানো হয়।

এতদিন পঞ্চায়েত সহায়কদের মানদেয় রাজ্য অর্থ কমিশনের অর্থ থেকে দেওয়া হত। এবার মন্ত্রিসভার অনুমোদন নিয়ে সরাসরি সুবিধা হস্তান্তর বা ডিবিটির মাধ্যমে মানদেয় দেওয়ার ব্যবস্থা করা হবে। এর ফলে ৯ হাজার টাকা সরাসরি পঞ্চায়েত সহায়কদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে।

পঞ্চায়েত সহায়কদের চাকরির নিরাপত্তার ক্ষেত্রেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে গ্রামপ্রধান বা পঞ্চায়েত সচিব নিজেদের স্তরে কোনও পঞ্চায়েত সহায়ককে সরাতে পারবেন না। কোনও সহায়ককে সরানোর প্রয়োজন হলে জেলাশাসকের নেতৃত্বে গঠিত কমিটি বিষয়টি খতিয়ে দেখবে এবং সেই কমিটিই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

আন্দোলনের সময় পঞ্চায়েত সহায়কদের বিরুদ্ধে যে মামলাগুলি দায়ের হয়েছিল, সেগুলি প্রত্যাহার করা হবে। একই সময়ে যাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে চাকরি থেকে সরানো হয়েছিল, তাঁদের পুনর্বহাল করার কথাও জানানো হয়েছে।

মহিলা সহায়কদের মাতৃত্বকালীন ছুটি

মহিলা পঞ্চায়েত সহায়কদের মাতৃত্বকালীন ছুটির সুবিধা দেওয়া হবে। পাশাপাশি পঞ্চায়েত সহায়কদের চিকিৎসার জন্য ক্যাশলেস পরিষেবার সুবিধাও দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

দাবিদাওয়া নিয়ে ধরনায় বসা পঞ্চায়েত সহায়কদের প্রতিনিধিদের আলোচনার জন্য ডেকেছিলেন পঞ্চায়েতি রাজ মন্ত্রী ওমপ্রকাশ রাজভর। বৈঠকের পর প্রতিনিধিরা মন্ত্রীর সঙ্গে সাংবাদিক বৈঠকেও উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রীর স্তরে নেওয়া সিদ্ধান্তগুলির কথা জানার পর পঞ্চায়েত সহায়কেরা তাঁদের ধরনা প্রত্যাহার করেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande