
লখনউ, ১৮ সেপ্টেম্বর (হি.স.): বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র জাতীয় সভাপতি তথা উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতী নতুন ইউপিআই মাশুল নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। শুক্রবার তিনি বলেন, প্রথমে ডিজিটাল লেনদেনকে উৎসাহিত করার পর এবার যদি এই মাশুল চালু হয় তাহলে শেষ পর্যন্ত সাধারণ মানুষের ওপরই খরচের বোঝা বাড়তে পারে।
শুক্রবার মায়াবতী বলেন, ইউপিআই ডিজিটাল লেনদেন নিয়ে প্রথমে প্রচার করা হলো ও উৎসাহ দেওয়া হলো| তারপর এখন মাশুল আরোপ হলে মানুষের মধ্যে ক্ষোভ দেখা দেওয়াটাই স্বাভাবিক। তিনি বলেন, শেষ পর্যন্ত এর প্রভাব সাধারণ মানুষের ওপরেই পড়তে পারে। মায়াবতী বলেন, লাভজনক ব্যবসায়িক ব্যবস্থার পরিবর্তে সরকারের নীতি জনকল্যাণমুখী হওয়া বেশি প্রয়োজন। দেশের অধিকাংশ মানুষ দারিদ্র্য ও মূল্যবৃদ্ধিতে জর্জরিত। সরকারের উচিত জনগণের অর্থনৈতিক অনটন ও দুঃখ-কষ্টের বিষয়ে চিন্তা করা।
উল্লেখ্য, নতুন ইউপিআই ব্যবস্থায় ১৫ অক্টোবর থেকে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে ২ হাজার টাকার বেশি লেনদেনের উপর মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) প্রযোজ্য হবে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ