
পাটনা, ১৮ সেপ্টেম্বর (হি.স.): পাটনা আদালতে বোমা হামলার হুমকির পরেই আঁটোসাঁটো করা হলো নিরাপত্তা ব্যবস্থা| শুক্রবার পাটনা আদালত বোমা দিয়ে উড়িয়ে দেওয়ার হুমকি আসে ই-মেলে| তারপরেই এ দিন আদালত চত্বর খালি করে দেয় পুলিশ। স্থগিত করে দেওয়া হয় আদালতের সমস্ত কাজকর্ম। পুলিশ, বোমা নিষ্ক্রিয়কারী দল এবং ডগ স্কোয়াড তল্লাশি অভিযান শুরু করে। জানা গেছে, হুমকি ই-মেলটির বিষয়ে তদন্ত শুরু হয়েছে। ই-মেল কোথা থেকে পাঠানো হয়েছে, কে বা কারা পাঠিয়েছে, তা জানার চেষ্টা করছে পুলিশ।
ডিএসপি রাজেশ কুমার জানিয়েছেন, পাটনা আদালত বোমা দিয়ে উড়িয়ে দেওয়ার হুমকি ই-মেল আসে শুক্রবার। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশ ও বোমা নিষ্ক্রিয়কারী দল আদালত চত্বরে তল্লাশি চালাচ্ছে। তিনি এও জানান, বোমা হামলার হুমকির কারণে আদালতের কাজকর্ম ব্যাহত হয়েছে। তল্লাশি জারি রয়েছে|
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ