
কলকাতা, ১৯ সেপ্টেম্বর (হি.স.):-
শনিবার রাজ্যের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। শনিবার এক সাংবাদিক বৈঠকে একথা জানান আলিপুর আবহাওয়া দপ্তরের আধিকারিক সৌরীশ বন্দ্যোপাধ্যায়।
আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কিছুটা কমবে। সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আরও কম থাকবে এবং ঝড়-বৃষ্টির কোনও সতর্কতা নেই। তবে বুধবার থেকে ফের আবহাওয়ার পরিবর্তন হতে পারে। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি হতে পারে। বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। উপরের দিকের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। বুধবার পর্যন্ত বৃষ্টির প্রবণতা কম থাকলেও বৃহস্পতিবার থেকে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে।
কলকাতায় মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে। দু-এক পশলা হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৯ ডিগ্রি। আপেক্ষিক আর্দ্রতা ৭৭ থেকে ৯৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ৩২.৬ মিলিমিটার।
এদিকে, শনিবার থেকে রাজস্থানের পশ্চিমাঞ্চল দিয়ে বর্ষার বিদায় পর্ব শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, উত্তর আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, সিস্টেমটি ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগোতে পারে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়