
হাওড়া, ১৯ সেপ্টেম্বর (হি.স.):- ভোররাতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা তিনটি দোকানে ধাক্কা মারল একটি টেলার। ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে হাওড়ার আন্দুল রোডের মৌড়ীগ্রাম পাকুরতলা এলাকায়। দুর্ঘটনার জেরে তিনটি দোকানই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ঘটনাটি ভোররাতে ঘটায় সেই সময় দোকানগুলিতে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।
শনিবার স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন ভোরে আন্দুল রোড ধরে যাওয়ার সময় আচমকাই নিয়ন্ত্রণ হারায় টেলারটি। এরপর সেটি রাস্তার পাশে থাকা পরপর তিনটি দোকানে সজোরে ধাক্কা মারে। বিকট শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার অভিঘাতে দোকানগুলির কাঠামো ও অন্যান্য সামগ্রীর যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে।
দুর্ঘটনার পর রাস্তার উপর টেলারটি আটকে থাকায় আন্দুল রোডে যান চলাচল ব্যাহত হয়। সকাল থেকেই ওই এলাকায় যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। পরে সকাল ১০টা নাগাদ দুর্ঘটনাগ্রস্ত টেলারটিকে রাস্তা থেকে সরিয়ে উদ্ধার করা হয়। এরপর ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল।
পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনার পর থেকেই টেলারের চালক পলাতক। তাঁর সন্ধানে তল্লাশি শুরু হয়েছে। কীভাবে টেলারটি নিয়ন্ত্রণ হারাল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়