
কলকাতা, ১৯ সেপ্টেম্বর (হি. স. ) : কলকাতা ও তার পার্শ্ববর্তী জেলাগুলির মধ্যে যাতায়াত ব্যবস্থা আরও দ্রুত ও মসৃণ করতে এবার আঞ্চলিক র্যাপিড ট্রানজিট সিস্টেম (আরআরটিএস) চালুর উদ্যোগ নেওয়া হল।
দিল্লিতে চলা ‘নমো ভারত’ ট্রেনের ধাঁচে পশ্চিমবঙ্গেও এই ধরনের হাই-স্পিড রেল করিডোর গড়ে তোলার প্রস্তাব দিয়েছেন রাজ্যসভার সাংসদ ও রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য।
শনিবার রাজ্য বিজেপি-র মিডিয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে এ কথা জানিয়ে চিঠির প্রতিলিপি যুক্ত করা হয়েছে।
কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রী মনোহর লাল খট্টরকে সম্প্রতি এই প্রসঙ্গে একটি চিঠি পাঠিয়েছেন রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। চিঠির পাশাপাশি তিনি একটি বিশদ প্রাথমিক সম্ভাবনার রিপোর্টও জমা দিয়েছেন।
প্রস্তাবিত এই পরিকল্পনা অনুযায়ী, কলকাতার ‘ময়দান’ হাবকে কেন্দ্র করে চারটি প্রধান করিডোর তৈরি করার কথা বলা হয়েছে।
কলকাতা – কল্যাণী – কৃষ্ণনগর – মায়াপুর: এই রুটটির মোট দৈর্ঘ্য হবে ১৩৫ কিলোমিটার। এটি নদিয়া জেলা ও সংলগ্ন অঞ্চলের সঙ্গে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটাবে।
কলকাতা – বর্ধমান – দুর্গাপুর – আসানসোল: শিল্পাঞ্চল ও খনি অঞ্চলকে যুক্ত করতে এই করিডোরটি হবে ২৩২ কিলোমিটার দীর্ঘ। এর সঙ্গে আসানসোল ও দুর্গাপুরে মেট্রো সংযোগের প্রস্তাবও রয়েছে।
কলকাতা – ফলতা – ডায়মন্ড হারবার – হলদিয়া – নন্দীগ্রাম: ১০২ কিলোমিটারের এই করিডোরটি দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের শিল্প ও বন্দর এলাকাকে যুক্ত করবে। ময়দান থেকে বজবজ মেট্রোকেও এর সঙ্গে জোড়ার কথা বলা হয়েছে।
কলকাতা – সাঁতরাগাছি – কোলাঘাট – খড়গপুর – মেদিনীপুর: ১৩৫ কিলোমিটারের এই রুটটি পশ্চিম মেদিনীপুর ও হাওড়ার যোগাযোগে বড় ভূমিকা নেবে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত