ঝালাইয়ের আগুনের ‘উল্কাবৃষ্টি’, অল্পের জন্য রক্ষা মা-ছেলে
নির্মীয়মাণ পার্কিং জোনের সামনে আতঙ্ক, সাংবাদিকদের কাজে বাধার অভিযোগ
পিআরএম সেন্টার পয়েন্ট


আগরতলা, ২৩ সেপ্টেম্বর (হি.স.) : নগরায়নের নামে একের পর এক নির্মাণকাজ চলছে রাজধানী আগরতলার বুকে। কিন্তু সেই নির্মাণকাজে পথচারীদের নিরাপত্তা কতটা নিশ্চিত, তা নিয়ে ফের বড়সড় প্রশ্ন উঠল। নির্মীয়মাণ ভবনের উপরতলায় রড ঝালাইয়ের কাজ চলাকালীন নিচে রাস্তায় আগুনের ফুলকির মতো ঝরে পড়তে থাকে জ্বলন্ত ধাতব কণা। ঠিক সেই সময় ওই পথ দিয়ে স্কুটিতে করে যাচ্ছিলেন মা ও তাঁর ছেলে। মাথায় হেলমেট থাকায় অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন তাঁরা।

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে বুধবার দুপুরে রাজধানী আগরতলায় পুরাতন মোটরস্ট্যান্ড এলাকার নির্মীয়মাণ পিআরএম সেন্ট্রাল পয়েন্ট পার্কিং জোনের সামনে। জানা গেছে, আড়ালিয়ার লোকনাথ আশ্রম সংলগ্ন এলাকার বাসিন্দা দীপ্তনু শর্মা তাঁর মাকে স্কুটিতে করে আইজিএম হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন। সেই সময় নির্মীয়মাণ পার্কিং জোনের উপরতলায় রড ঝালাইয়ের কাজ চলছিল। অভিযোগ, নির্মাণস্থল থেকে ঝালাইয়ের আগুনের জ্বলন্ত কণা নিচের রাস্তায় এসে পড়তে থাকে।

প্রত্যক্ষ অভিজ্ঞতার কথা জানিয়ে দীপ্তনু শর্মা বলেন, রাস্তায় তখন সাধারণ মানুষ চলাচল করছিলেন। সেই অবস্থাতেই উপর থেকে ঝালাইয়ের আগুনের কণা নিচে পড়ছিল। তাঁর এবং তাঁর মায়ের মাথায় হেলমেট থাকায় তাঁরা বড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছেন। হেলমেট না থাকলে তাঁদের মাথায় জ্বলন্ত কণা পড়ে গুরুতর আঘাত লাগতে পারত বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

দীপ্তনুর অভিযোগ, মানুষের চলাচলের পথের পাশে এ ধরনের ঝুঁকিপূর্ণ কাজ চললেও পথচারীদের নিরাপত্তার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি। নির্মাণস্থল ঘিরে নিরাপত্তা ব্যবস্থা বা সতর্কতামূলক ব্যবস্থা যথেষ্ট ছিল কিনা, তা নিয়েও প্রশ্ন উঠেছে। তাঁর দাবি, এমন ঘটনা যদি নিয়মিত ঘটে থাকে, তাহলে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসার কথা। কিন্তু তারপরও কেন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে না, সেই প্রশ্ন তুলেছেন তিনি।

ঘটনার খবর পেয়ে সংবাদ সংগ্রহের জন্য ঘটনাস্থলে ছুটে যান সাংবাদিকরা। কিন্তু অভিযোগ, সেখানে উপস্থিত বেসরকারি নিরাপত্তাকর্মীরা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা দেন। কোন কর্তৃপক্ষের নির্দেশে সাংবাদিকদের ঘটনাস্থলে কাজ করতে বাধা দেওয়া হচ্ছে, সে বিষয়ে নিরাপত্তাকর্মীরা স্পষ্ট কোনও উত্তর দিতে পারেননি বলে অভিযোগ।

ঘটনাকে কেন্দ্র করে পথচলতি মানুষের মধ্যেও ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ব্যস্ত জনবহুল এলাকায় উপর থেকে এভাবে জ্বলন্ত ধাতব কণা পড়ার ঘটনায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে প্রতিদিন যেখানে বহু মানুষ, যানবাহন ও পথচারীর যাতায়াত, সেখানে নির্মাণকাজ চলাকালীন নিচের অংশ কতটা নিরাপদ রাখা হচ্ছে, সেই প্রশ্নই এখন সামনে এসেছে।

উল্লেখ্য, পুরাতন মোটরস্ট্যান্ড এলাকায় প্রায় ২০০ কোটি টাকা ব্যয়ে সেন্ট্রাল পয়েন্ট শপিং মল ও মাল্টি কমপ্লেক্স নির্মাণের কাজ চলছে। নির্মাণকাজের শুরুর দিকেই মাটি ধসে নির্মীয়মাণ ভবনের পরিকাঠামোর একটি অংশে ব্যাপক বিপর্যয়ের ঘটনা ঘটেছিল বলে অভিযোগ। সেই ঘটনায় এলাকায় আতঙ্ক তৈরি হয়েছিল। ওই সময় প্রশাসনের ভূমিকা নিয়েও বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছিল।

এবার নির্মাণস্থল থেকে জনসাধারণের চলাচলের রাস্তায় ঝালাইয়ের জ্বলন্ত কণা পড়ার ঘটনায় ফের নির্মাণ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠল। নির্মাণস্থলের নিরাপত্তা বিধি যথাযথভাবে মানা হচ্ছে কিনা এবং পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কী ব্যবস্থা নিয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠছে। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত কাজে বাধা দেওয়ার অভিযোগের বিষয়টিও গুরুত্ব সহকারে দেখার দাবি উঠেছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande