
কলকাতা, ২৪ সেপ্টেম্বর হি. স.) : বৃষ্টি বিঘ্নিত পরিবেশেই বাংলা ক্রিকেটের নিয়ামক সংস্থা ক্রিকেট আ্যসোসিয়েশন অফ বেঙ্গল এর তরফে বৃহস্পতিবার সম্পন্ন হল ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি)-র ৯৫তম বার্ষিক সাধারণ সভা। এদিকে, এদিন ইডেন গার্ডেন্সের পঙ্কজ গুপ্ত ইন্ডোর কোচিং সেন্টারে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়-সহ সংস্থার শীর্ষকর্তারা।ওই সভায় সৌরভ চলতি বছরে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট, আইসিসি টি-২০ বিশ্বকাপ, আইপিএল ২০২৬ এবং বেঙ্গল প্রো টি-২০ লিগ সফল ভাবে আয়োজনের জন্য সিএবি-র আধিকারিক, অ্যাপেক্স কাউন্সিলের সদস্য, প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেটার এবং বিভিন্ন ক্লাব ও জেলার প্রতিনিধিদের ধন্যবাদ জানিয়েছেন।
এই প্রেক্ষিতে সৌরভ বলেন, ‘‘আমাদের সমস্ত পদাধিকারী, প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেটার, অ্যাপেক্স কাউন্সিলের সদস্য এবং ক্লাব ও জেলার প্রতিনিধিদের ধন্যবাদ জানাতে চাই। ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট, আইসিসি টি-২০ বিশ্বকাপ, বেঙ্গল প্রো টি-২০ লিগের তৃতীয় সংস্করণ-সহ সিএবি-র সমস্ত ম্যাচ সফল ভাবে আয়োজন করতে পেরেছি।’’
এদিনের সভায় উপস্থিত ছিলেন সিএবি-র সহ-সভাপতি নীতীশরঞ্জন দত্ত, সচিব বাবলু কোলে, কোষাধ্যক্ষ সঞ্জয় দাস, সিনিয়র আইনজীবী তথা আইনি উপদেষ্টা সম্রাট সেন এবং নির্বাচনী আধিকারিক সুশান্তরঞ্জন উপাধ্যায়। যদিও সচিব এবং কোষাধ্যক্ষের প্রতিবেদন সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে।
উল্লেখ্য, প্রয়াতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। সভাস্থল পঙ্কজ গুপ্ত ইন্ডোর কোচিং সেন্টারে ক্রিকেটের সমস্ত ইন্ডোর পরিকাঠামো অক্ষত রেখে আয়োজনের ব্যবস্থা করা হয়েছিল।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত