
শিমলা, ২৪ সেপ্টেম্বর (হি.স.) : হিমাচল প্রদেশে দলের সাংগঠনিক কাজকর্ম পর্যালোচনা করতে বৈঠকে বসতে চলেছেন সর্বভারতীয় কংগ্রেস কমিটির হিমাচল প্রদেশের দায়িত্বপ্রাপ্ত নেত্রী রজনী পাটিল। আগামী ২৫ সেপ্টেম্বর প্রদেশ কংগ্রেসের সদর দফতর রাজীব ভবনে এই পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে উপস্থিত থাকবেন প্রদেশ কংগ্রেস সভাপতি বিনয় কুমারও।
প্রদেশ কংগ্রেসের সাংগঠনিক সাধারণ সম্পাদক বিনোদ জিন্টা বৃহস্পতিবার জানান, বৈঠকের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দলের সমস্ত পদাধিকারীকে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে বৈঠকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি জানান, বৈঠকে বিভিন্ন জেলার কংগ্রেস সভাপতি ও জেলা দায়িত্বপ্রাপ্ত নেতাদের কাছ থেকে সংশ্লিষ্ট জেলা ও ব্লকগুলিতে দলের সাংগঠনিক কাজকর্মের বিস্তারিত রিপোর্ট নেওয়া হবে। সংগঠনকে আরও শক্তিশালী করা এবং আগামী দিনের কর্মসূচিগুলি কার্যকরভাবে পরিচালনা করা নিয়েও বৈঠকে আলোচনা হবে।
বিনোদ জিন্টা আরও জানান, আগামী ২৬ সেপ্টেম্বর দলের মিডিয়া বিভাগ, প্রদেশ কংগ্রেস কমিটির বিভিন্ন শাখা এবং বিভিন্ন বিভাগের কাজকর্ম পর্যালোচনা করা হবে। প্রদেশ কংগ্রেস কমিটির এই বৈঠককে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করে তিনি জানান, দলের আগামী দিনের কর্মসূচি ও কৌশল নিয়েও সেখানে আলোচনা হবে।পাশাপাশি, প্রদেশের কংগ্রেস সরকারের বিভিন্ন কাজ ও জনকল্যাণমূলক উদ্যোগের কথা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে দলের পদাধিকারীদের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হবে বলেও জানান বিনোদ জিন্টা।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস