(আপডেট) মুষলধারে বৃষ্টিতে ধস রিম্বি গ্রামে, উদ্বেগ প্রকাশ সিকিমের মুখ্যমন্ত্রীর
গ্যাংটক, ২৫ সেপ্টেম্বর (হি.স.): পশ্চিম সিকিমের গেজিং জেলার রিম্বি গ্রামে একটানা মুষলধারে বৃষ্টির জেরে ভয়াবহ ভূমিধস নেমেছে। এই ধসের কারণে গ্রামের একাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং ঝুঁকিপূর্ণ বাড়ির লোকজন নিজেদের ভিটেমাটি ছেড়ে নিরাপদ আশ্রয়ে স
(আপডেট) মুষলধারে বৃষ্টিতে ধস রিম্বি গ্রামে, উদ্বেগ প্রকাশ সিকিমের মুখ্যমন্ত্রীর


গ্যাংটক, ২৫ সেপ্টেম্বর (হি.স.): পশ্চিম সিকিমের গেজিং জেলার রিম্বি গ্রামে একটানা মুষলধারে বৃষ্টির জেরে ভয়াবহ ভূমিধস নেমেছে। এই ধসের কারণে গ্রামের একাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং ঝুঁকিপূর্ণ বাড়ির লোকজন নিজেদের ভিটেমাটি ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বাধ্য হয়েছে। জানা গেছে, গত কয়েকদিন ধরে একটানা বৃষ্টির কারণে রিম্বি গ্রামে ভূমিধস, ভূমি অবনমন এবং ফাটল ধরার প্রবণতা বাড়ছিল। বৃহস্পতিবার রাতে একটি বড় ভূমিধসের পর গ্রামের বিভিন্ন এলাকার বাড়িঘর এবং অন্যান্য কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও প্রাণহানির খবর মেলেনি। সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং রিম্বি গ্রামে ভয়াবহ ভূমিধসের পর সৃষ্ট পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

শুক্রবার সকালে সমাজ মাধ্যমে মুখ্যমন্ত্রী জানান, সরকার রিম্বির মানুষের পাশে দৃঢ়ভাবে আছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সর্বোচ্চ সতর্ক থাকতে, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে এবং জনগণের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, রিম্বির বাসিন্দাদের দুর্ভোগ ও অনিশ্চয়তা তিনি বুঝতে পারছেন। তিনি ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করেন। প্রবল বর্ষণের সময় সবাইকে সতর্ক ও নিরাপদ থাকতে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জারি করা তথ্য ও নির্দেশাবলী অনুসরণ করার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। এই কঠিন পরিস্থিতিতে তিনি একে অপরকে সম্ভাব্য সব ধরনের সহায়তার জন্যও আবেদন করেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তিনি রিম্বির পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ অব্যাহত রাখবেন।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande