
হরিদ্বার, ২৫ সেপ্টেম্বর ( হি.স.) : উত্তরাখণ্ডের হরিদ্বারে একটি আন্তঃরাজ্য বাইক চোর চক্রের পর্দাফাঁস করে এক অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ, আটক এক নাবালক। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার, মঙ্গলোর থানার অন্তর্গত এলাকায়। শুক্রবার পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের নাম মনু ওরফে মান্নু (২৫) । সে রুড়কির ঢংঢেরা ফটকের বাসিন্দা। দুজনের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে হরিদ্বার ও উত্তর প্রদেশের বিভিন্ন এলাকা থেকে উদ্ধার হয় চুরি যাওয়া মোট আটটি বাইক ।
এদিন এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, মঙ্গলোর কুমরাড়ির বাসিন্দা ইনামের অভিযোগের ভিত্তিতে পুলিশ অনুসন্ধান শুরু করে। তদন্তে নেমে পুলিশ ঘটনাস্থল ও সম্ভাব্য যাতায়াতের রাস্তার প্রায় ১৭১টি সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে। এর পাশাপাশি গোপন সূত্র মারফত পাওয়া তথ্যের ভিত্তিতে নজরদারি বাড়ানো হয়। এরপর শুক্রবার গ্রেফতার হয় মনু সহ আরও একজন। উদ্ধার হওয়া বাইকগুলির মধ্যে হরিদ্বারের বিভিন্ন থানার অন্তর্গত এলাকার পাশাপাশি উত্তর প্রদেশ থেকে চুরি যাওয়া বাইকও রয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক