
জগদলপুর, ২৭ সেপ্টেম্বর (হি.স.): ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর প্রভাবে গত কয়েক দিন ধরে বস্তার ডিভিশনে লাগাতার ভারী বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি গুরুতর আকার নিয়েছে। ডোঙ্গাঘাট এলাকায় বন্যার জল ঢুকে পড়েছে ঘরবাড়িতে। ফলে বহু গ্রামবাসী এবং ছোট ছোট শিশু বাড়ির ছাদে আটকে থাকতে বাধ্য হয়।
পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে জেলা প্রশাসন ও নিরাপত্তা বাহিনী উদ্ধারকাজে নামে। রবিবার ভারতীয় বায়ুসেনার বিশেষ এমআই-১৭ হেলিকপ্টারের সাহায্যে বড়সড় উদ্ধার অভিযান চালানো হয়। বায়ুসেনার জওয়ানরা ডোঙ্গাঘাটে বন্যার মধ্যে জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করা ১৮ জন নাগরিককে নিরাপদে এয়ারলিফট করে নিরাপদ স্থানে পৌঁছে দেন।
পুরো উদ্ধার অভিযানের নেতৃত্ব দেন বস্তারের জেলাশাসক আকাশ ছিকারা এবং পুলিশ সুপার শলভ সিনহা। দুই আধিকারিকের প্রত্যক্ষ তত্ত্বাবধান ও বিচক্ষণতায় এই জটিল উদ্ধার অভিযান সফলভাবে সম্পন্ন হয়।
প্রশাসনের পক্ষ থেকে বর্তমানে বন্যাকবলিত এলাকাগুলিতে লাগাতার ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। পাশাপাশি নৌকা ও অন্যান্য মাধ্যমে মানুষকে নিরাপদ ত্রাণশিবিরে সরিয়ে নিয়ে যাওয়ার কাজও যুদ্ধকালীন তৎপরতায় চলছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য