
নয়াদিল্লি, ২৯ সেপ্টেম্বর (হি.স.): ভারত ও বাংলাদেশের মধ্যকার ঐতিহাসিক গঙ্গা জলবণ্টন চুক্তি এবং অভিন্ন নদী সংক্রান্ত বিষয় নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল নয়াদিল্লি। মঙ্গলবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, গঙ্গা সহ দুই দেশের সমস্ত অভিন্ন নদী সংক্রান্ত বিষয় যৌথ নদী কমিশনের মাধ্যমেই আলোচনার টেবিলে তোলা হচ্ছে এবং প্রযুক্তিগত স্তরে এই প্রক্রিয়া নিরবচ্ছিন্নভাবে চলছে।
এক সাংবাদিক সম্মেলনে গঙ্গা জলবণ্টন চুক্তি নিয়ে প্রশ্নের জবাবে বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেন, গঙ্গা জলবণ্টন চুক্তি এবং ভারত ও বাংলাদেশের মধ্যে প্রবাহিত অন্যান্য সমস্ত অভিন্ন নদীর জন্য আমাদের একটি যৌথ নদী কমিশন রয়েছে। নদী সংক্রান্ত যাবতীয় বিষয় এই কমিশনের আওতায় আলোচনা করা হবে।
চুক্তির অগ্রগতি নিয়ে তিনি আরও আশ্বস্ত করে বলেন, প্রযুক্তিগত পর্যায়ে গঙ্গা জলবণ্টন চুক্তি সংক্রান্ত বৈঠকগুলো নিয়মিতভাবে অনুষ্ঠিত হচ্ছে এবং আলোচনা অব্যাহত রয়েছে।
১৯৯৬ সালে স্বাক্ষরিত ৩০ বছর মেয়াদী ভারত-বাংলাদেশ গঙ্গা জলবণ্টন চুক্তির পুনর্নবীকরণ ও সামগ্রিক নদী ব্যবস্থাপনা নিয়ে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের প্রেক্ষাপটে বিদেশ মন্ত্রকের এই বিবৃতি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ