
নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (হি.স.): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) পরীক্ষায় কথিত অনিয়ম এবং কংগ্রেসশাসিত রাজ্যগুলিতে মহিলাদের কম প্রতিনিধিত্ব নিয়ে কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানাল বিজেপি। দলের অভিযোগ, ঝাড়খণ্ডে সামনে আসা ঘটনাই পড়ুয়াদের স্বার্থের প্রতি কংগ্রেসের প্রকৃত মনোভাব প্রকাশ করেছে।
শনিবার দলের সদর দফতরে সাংবাদিক বৈঠকে বিজেপির মুখপাত্র তথা সাংসদ সুধাংশু ত্রিবেদী দাবি করেন, তদন্তে জানা গিয়েছে, অ্যাসিস্ট্যান্ট কনজারভেটর অফ ফরেস্ট এবং ফরেস্ট রেঞ্জ অফিসার পদের পরীক্ষার সময় স্ট্রং রুম ভেঙে প্রশ্নপত্র বের করা হয় এবং তাতে পরিবর্তন করা হয়। দলের দাবি, এটি শুধুমাত্র প্রশ্নপত্র ফাঁসের ঘটনা নয়, বরং ‘প্রশ্নপত্র লুটের’ ঘটনা। পুরো ঘটনায় কংগ্রেসের নীরবতা ঝাড়খণ্ডের পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত বেদনাদায়ক এবং এর মধ্য দিয়ে পড়ুয়াদের প্রতি দলের সংবেদনহীনতা প্রকাশ পেয়েছে।
কংগ্রেসশাসিত রাজ্যগুলিতে মহিলাদের প্রতিনিধিত্বের প্রসঙ্গ তুলে ত্রিবেদী বলেন, চারটি রাজ্যে কংগ্রেসের সরকার থাকা সত্ত্বেও ওই রাজ্যগুলির মন্ত্রিসভায় মোট মহিলা মন্ত্রীর সংখ্যা মাত্র তিন। হিমাচল প্রদেশ ও কর্নাটকে একজনও মহিলা মন্ত্রী নেই। কেরলমে রয়েছেন দুই মহিলা মন্ত্রী। তেলঙ্গানায় আগে দুই মহিলা মন্ত্রী ছিলেন, তাঁদের মধ্যে একজনকে সরিয়ে দেওয়া হয়েছে।
তিনি অভিযোগ করেন, মহিলাদের রাজনৈতিক প্রতিনিধিত্বের প্রশ্নে রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে এবং প্রিয়াঙ্কা গান্ধী নীরব। কংগ্রেসের বক্তব্য ও আচরণের মধ্যে স্পষ্ট ফারাক রয়েছে।
ত্রিবেদী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি সংখ্যক মহিলা মন্ত্রীকে স্থান দেওয়া হয়েছে। মহিলাদের ক্ষমতায়নের প্রশ্নে বিজেপির কথার সঙ্গে কাজেরও সামঞ্জস্য রয়েছে। কংগ্রেসের দাবি এবং তাদের বাস্তব আচরণ বিচার করার জন্য তিনি মহিলাদের প্রতি আহ্বান জানান।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য