
কলকাতা, ১৮ ফেব্রুয়ারি (হি. স.) : রঞ্জি ট্রফি এলিটে স্বপ্ন অধরা। জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে বাংলার এই লজ্জাজনক হার মানতে পারছেন না সিএবি কর্তারাও। শোচনীয় পরাজয়ের পরিপ্রেক্ষিতে মুষড়ে পড়েছেন কোচ থেকে শুরু করে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং কোচেরা। সকলেই হারের কারণ খুঁজতে ব্যস্ত।
এরই মধ্যে বাংলা সিনিয়র দলের হেড কোচ লক্ষ্মীরতন শুক্লা বুধবার আত্মবিশ্লেষণের পর নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন। কল্যাণীতে বেঙ্গল ক্রিকেট অ্যাকাডেমি মাঠে চতুর্থ তথা শেষ দিনের খেলার পর তিনি বলেন, দুই দলের মধ্যে যে কোনও এক দলকেই জিততে হতো। জম্মু ও কাশ্মীর নিঃসন্দেহে বাংলার তুলনায় ভালো ক্রিকেট খেলেছে এবং ছয় উইকেটে জিতেছে, তাদের অভিনন্দন। মঙ্গলবার দুপুরের দিকে দেড় ঘণ্টার ব্যাটিং বিপর্যয়ের দরুণই এমন ফলাফল হয়েছে। সফরকারী দলের বোলাররা সঠিক জায়গায় বল রেখেছে।
তিনি আরও যোগ করেন, আমরা সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ। চলতি মরশুম শুরু হওয়ার আগে থেকেই তিনি সব সময় দলের খবর নিয়েছেন। খুব খারাপ লাগছে যে আমরা সঠিক সময়ে ডেলিভার করতে পারলাম না। এর চেয়ে বেশি কিছু আর বলার নেই, শুধু আক্ষেপ রয়ে গেল।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত